সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

সাভারে অর্ধশত কারখানায় ছুটি, গাড়ীতে আগুন- টিয়ার সেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০২:১৬ পিএম

সাভারে অর্ধশত কারখানায় ছুটি, গাড়ীতে আগুন- টিয়ার সেল নিক্ষেপ

নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আবারো উত্তাল ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল। শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হয়েছেন শিল্প পুলিশের এক কর্মকর্তা। আগুন দেওয়া হয়েছে হামিম গ্রুপের একটি কাভার্ডভ্যানে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নরসিংহপুরে নিউএজ কারখানার শ্রমিকরা কর্মবিরতি শেষে কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে আশপাশের কারখানার সামনে বিক্ষোভ ছড়িয়ে পড়লে বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এসময় হা-মীম গ্রুপের সামনে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পরে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। শ্রমিকদের ইটের আঘাতে আহত হন শিল্প পুলিশ-১-এর সহকারী পুলিশ সুপার শোয়েব আহমেদ।

এদিকে, বেলা সোয়া ১১টার দিকে নদী ফিলিং স্টেশনে গ্যাস নেয়ার মুহুর্তে হা-মীম গ্রুপের একটি কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।

অপরদিকে সাভারের হেমায়েতপুর, তেঁতুলঝোড়া, ফুলবাড়িয়া, পৌর এলাকার উলাইলসহ বিভিন্ন স্থানে গার্মেন্ট কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকরা ৩০ হাজার টাকা বেতন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প পুলিশের পুলিশ সুপার মুমিনুল ইসলাম ভুঁইয়া।

এম/আর

Link copied!