রাজীব পরিবহনের বাস বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে নগরের দিঘারকান্দা বাইপাস মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়।
শিক্ষার্থীরা জানান, রাজীব পরিবহনের বাস বেপরোয়াভাবে চালানোর কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনায় কেউ মারা যাচ্ছেন, কেউ আহত হচ্ছেন। গত ২ অক্টোবর ময়মনসিংহ নগরের পূর্ব গন্দ্রপা এলাকায় রাজীব পরিবহনের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একসঙ্গে সাতজন নিহত হন। তাদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য ছিলেন।
রোববার (১ নভেম্বর) সকালেও সদরের চুরখাই এলাকায় রাজীব পরিবহনের বাসের চাপায় নটরডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাকিউল ইসলাম নিহত হন। এ ছাড়া বিভিন্ন সময় এ বাসের কারণে দুর্ঘটনা ঘটছে। তাই রাজীব পরিবহনের বাস বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়েছে।
ময়মনসিংহ নটরডেম কলেজের শিক্ষার্থী আসিফ বলেন, রোববার তাদের বন্ধু জাকিউল মারা গেছেন। রাজীব পরিবহনের বেপরোয়া গতির কারণেই তার মৃত্যু হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাজীব পরিবহনের বাস বন্ধের দাবি জানাচ্ছি। তা না হলে আন্দোলন চলবে।
যানজটে আটকা পড়া যাত্রী দম্পতি মনোয়ার হোসেন ও রাবিয়া জানান, বাসে বসে মহাসড়কে যানজটে আটকা পড়েছেন। এতে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জনদুর্ভোগ বিবেচনায় শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরে যাওয়া উচিত। সবকিছুই আলোচনা সাপেক্ষে সমাধান হওয়া উচিত।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জনদুর্ভোগের বিষয়টি বুঝিয়ে শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।
