বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

যশোরে ট্রেনের ধাক্কায় ট্রাকের কেবিন বিচ্ছিন্ন, চালক নিহত

যশোর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬, ০৪:৫৪ পিএম

যশোরে ট্রেনের ধাক্কায় ট্রাকের কেবিন বিচ্ছিন্ন, চালক নিহত

যশোরের গাজীরদরগাহ এলাকায় একটি অরক্ষিত ও অননুমোদিত (অবৈধ) লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি মুরগির খাদ্যবাহী (ফিড) ট্রাক দুমড়েমুচড়ে গেছে।দুর্ঘটনায় গুরুতর আহত ট্রাকের চালক আতিয়ার রহমান (৫৫)  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (০৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে যশোর সদর উপজেলার গাজীরদরগাহ ফিলিং স্টেশনের সামনে থেকে জয়কৃষ্ণপুরগামী সড়কের ছোট মেঘলা রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আতিয়ার রহমান আফিল গ্রুপের ফিড কোম্পানির ট্রাকচালক ছিলেন। তিনি যশোরের ঝিকরগাছা থানার কৃষ্ণনগর গ্রামের মৃত মুজিবারের ছেলে।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, দুপুরে মুরগির খাদ্যবাহী ট্রাকটি ছোট মেঘলা রেলক্রসিং পার হওয়ার সময় চলন্ত একটি ট্রেন সেটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ট্রাকটির চালকের বসার স্থান (কেবিন) মূল বডি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ট্রেনের ইঞ্জিনের সাথে বেশ কিছুদূর ছেঁচড়ে চলে যায়।
দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত চালকে আতিয়ার রহমানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১টার  দিকে মারা যান। 
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আনোয়ার হোসেন, আতিয়ার রহমানের পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, নিহতের মাথায় আঘাত লাগার কারণে ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে দুর্ঘটনার সাময়িক ধাক্কা কাটিয়ে সংশ্লিষ্ট রেলপথে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।
তবে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা জানান, দুর্ঘটনাস্থলের এই রেলক্রসিংটি সম্পূর্ণ অননুমোদিত এবং দীর্ঘদিন ধরে এখানে কোনো গেটম্যান বা প্রতিবন্ধক ব্যারিয়ার নেই। কোনো লাইনম্যান না থাকায় প্রতিনিয়ত চরম নিরাপত্তা ঝুঁকি নিয়ে যানবাহন পারাপার হচ্ছে, যার চূড়ান্ত খেসারত দিতে হলো এক চালকের প্রাণহানির মাধ্যমে। স্থানীয়রা অনতিবিলম্বে এই রেলক্রসিংটিতে গেটম্যান ও ব্যারিয়ারের ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছেন।

দৈনিক মুক্তবাণী

Link copied!