বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

পিতার কবর জিয়ারতের মধ্য দিয়ে যশোরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

যশোর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬, ০৫:১৭ পিএম

পিতার কবর জিয়ারতের মধ্য দিয়ে যশোরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে শহরের কারবালা কবরস্থানে মরহুমের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়।

কবর জিয়ারত শেষে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরবর্তী কর্মসূচিতে জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা শাখার পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া জেলা মৎস্যজীবী দলের পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে জায়নামাজ, টুপি ও তসবিহ বিতরণ করা হয়।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও মরহুম তরিকুল ইসলামের সহধর্মিণী অধ্যাপক নার্গিস বেগম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মরহুমের কনিষ্ঠ পুত্র অনিন্দ্য ইসলাম অমিত।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এবং মরহুম তরিকুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শান্তনু ইসলাম সুমিত। এ সময় যশোর জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দিনটি উপলক্ষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দুপুর থেকে যশোর সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজের (দরিদ্র ভোজ) আয়োজন করা হয়। এসব কর্মসূচিতেও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ অংশ নেন।

জেএইচ

Link copied!