রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমির নির্বাচিত হয়েছেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও জেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন অধ্যাপক আব্দুল খালেক। বুধবার ঢাকার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠকে নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমান। ২০২৭-২০২৮ সালের জন্য তারা আমির নির্বাচিত হন।
এর আগে ডা. জাহাঙ্গীর মহানগর জামায়াতের নায়েবে আমিরের দায়িত্ব পালন করেছেন। ২০২৬ সালের নির্বাচনে তিনি জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে নির্বাচন করেন। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনেও তাকে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
এদিকে, রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক গত মেয়াদেও জেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, গত অক্টোবর মাসে সংগঠনের রুকন (সদস্যরা) গোপন ব্যালটের মাধ্যমে রাজশাহী মহানগর ও জেলা জামায়াতে ইসলামীর নির্বাচনে ভোট প্রদান করেন। সেই ভোটেই তারা আমির নির্বাচিত হন।
