আদালতের কার্যক্রম হাতে-কলমে শেখাতে প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী মক ট্রায়াল। ‘দ্য কোর্টরুম ইন অ্যাকশন: এ মক ট্রায়াল, ফরেনসিক ইনসাইট অ্যান্ড জুডিশিয়াল এনগেজমেন্ট’ শীর্ষক এ স্পেশাল একাডেমিক প্রোগ্রামে অংশ নেন এলএলবি (অনার্স) প্রোগ্রামের পঞ্চাশতম ব্যাচের শিক্ষার্থীরা।
ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশন প্রোগ্রাম (সিএলইপি) কোর্সের মূল্যায়নের অংশ হিসেবে ১৮ নভেম্বর ২০২৬, বুধবার এ আয়োজন করা হয়। দিনব্যাপী এ কর্মসূচিতে দেওয়ানি মামলা, ফৌজদারি মামলা, পারিবারিক সহিংসতাবিষয়ক মামলা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের সাংবিধানিক এখতিয়ারবিষয়ক মামলার ওপর মক ট্রায়াল উপস্থাপন করেন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন অনুষদের এডজাঙ্কট ডিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর মোর্শেদ মাহমুদ খান। তিনি বলেন, আইন বিভাগের শেষ সেমিস্টারের শিক্ষার্থীদের আদালতের কার্যক্রম, বিচারিক প্রক্রিয়া, ট্রায়াল অ্যাডভোকেসি, সাক্ষীদের জেরা ও সাক্ষ্যগ্রহণ, ফরেনসিক চিকিৎসা-সংক্রান্ত প্রমাণের গুরুত্ব এবং বিচার প্রশাসনে বিচারিক কর্মকর্তাদের ভূমিকা সম্পর্কে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা দিতেই এ কর্মসূচির আয়োজন। তাঁর মতে, এ ধরনের সিমুলেটেড আদালত কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের অর্জিত ব্যবহারিক আইনজ্ঞান প্রদর্শনের পাশাপাশি ভবিষ্যতে আইন পেশায় প্রবেশের জন্য প্রয়োজনীয় পেশাগত দক্ষতা, আত্মবিশ্বাস ও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির সুপ্রিম কোর্টে সরাসরি উপস্থিত হয়ে আদালতের কার্যক্রম দেখার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, জীবনে প্রথমবারের মতো সুপ্রিম কোর্টে এসে আদালতের পরিবেশ, বিচারিক কার্যক্রম এবং আইনজীবীদের পেশাগত কর্মকাণ্ড কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। টেলিভিশনে আদালতের কার্যক্রম দেখা আর সরাসরি আদালতে উপস্থিত থেকে তা প্রত্যক্ষ করার অভিজ্ঞতা এক নয় উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব আদালতকেন্দ্রিক পরিবেশ সম্পর্কে ধারণা পাবেন। আইন বিষয়ে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগের পাশাপাশি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতেও এমন একাডেমিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।
কর্মসূচিতে ফরেনসিক মেডিকেল রিসোর্স পারসন হিসেবে অংশ নেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. খালেদ হোসেন। তিনি ফৌজদারি বিচারপ্রক্রিয়ায় ফরেনসিক চিকিৎসা-সংক্রান্ত আলামত ও তথ্যের শনাক্তকরণ, ব্যাখ্যা এবং সাক্ষ্যপ্রমাণ হিসেবে এর গুরুত্ব ও মূল্য নিয়ে বিশেষজ্ঞ মতামত ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।
আইন বিভাগের চেয়ারম্যান অনুপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচি পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধান করেন সিএলইপি কোর্সের অতিথি শিক্ষক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জনাব মো. শোয়েব উদ্দিন খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহের নিগার, ড. হুমায়রা নওশীন উর্মী, আহমদ রাজীব চৌধুরী, সঞ্জয় বিশ্বাস ও হিল্লোল সাহা; সহকারী অধ্যাপক ফাহমিদা কাদের, ফরিদ উদ্দিন, ইয়াসমিন ফারজানা, সালমা মরিয়ম, মাহবুবা সুলতানা, তাকমিনা কামাল, তাহমিনা সানজিদা সাহীদ ও সুরিনা তারজিদ এবং প্রভাষক মোছাম্মৎ মেহেরুন্নেসা বেগম।
