বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

গুইমারাতে গভীর রাতে বিএনপির কার্যালয়ে আগুন আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ১১:০১ এএম

গুইমারাতে গভীর রাতে  বিএনপির কার্যালয়ে আগুন আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

 খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নং বড়পিলাক ওয়ার্ড বিএনপির কার্যালয় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। 
৯ নভেম্বর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী কিন্তু হঠাৎ করে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ায় নেভানো সম্ভব হয়নি। খবর পেয়ে দ্রুত গুইমারা থানা পুলিশ ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে চলে আসে। ফায়ার সার্ভিসের লোকজ আসার আগেই পুড়ে যায় কার্যালয়টি।

দলীয় অফিসে আগুন দেওয়ার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ছুটে আসেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ  সাধারণ সম্পাদক মাহবুব আলী সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। নেতাদের নেতৃত্বে রাতেই বড়পিলাকে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ  নিষিদ্ধ ঘোষিত  ফ্যাসিষ্ট আওয়ামী লীগ ও তার সহযোগী ছাত্র  সংগঠন ছাত্রলীগের কর্মীরা  বিএনপি দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে। ১০ নভেম্বর  তারিখে ধর্মঘট ডেকে ত্রাসের রাজত্ব কায়েম করার অংশ হিসেবে এ ঘটনা ঘটিয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অগ্নিকান্ডের ঘটনার সাথে জড়িত সন্দেহে আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৬ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
 

জেএইচ

Link copied!