শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ডুমুরিয়ায় মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ১০:১২ এএম

ডুমুরিয়ায় মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

 খুলনার ডুমুরিয়ায় এক মোটরসাইকেল আরোহীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর মোটরসাইকেল ও টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মির্জাপুর ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাইফুল ইসলাম (৫০) বাগেরহাট সদর থানার যাত্রাপুর (রহিমাবাদ) এলাকার শেখ ইকরাম উদ্দিন এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ডুমুরিয়ার গুটুদিয়া এলাকা থেকে মোটরসাইকেলে আড়ংঘাটার দিকে যাচ্ছিলেন সাইফুল। পথে মির্জাপুর ওয়াপদা এলাকায় পৌঁছালে অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কোপায়। পরে তাঁর মোটরসাইকেল ও সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

হামলার পর সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন সাইফুল। এ সময় এক ভ্যানচালক তাঁকে উদ্ধার করে ডুমুরিয়ার ফাতেমা ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, ঘটনার প্রায় পৌনে দুই ঘণ্টা পরও ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি জানেন না বলে গণমাধ্যমকর্মীদের জানান। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, বর্তমান ওসির দায়িত্ব পালনের সময় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।

প্রকাশ্য সড়কে সন্ধ্যার ব্যস্ত সময়ে এমন হামলা ও ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্বৃত্তরা কীভাবে প্রকাশ্যে একজন মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে তাঁর যানবাহন ও টাকা নিয়ে নির্বিঘ্নে পালিয়ে গেল, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।

এ ঘটনায় এখন পর্যন্ত জড়িতদের শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উদ্ধার হয়নি ছিনতাই হওয়া মোটরসাইকেলটিও।

খুলনার পুলিশ সুপার ওমর ফারুক জানান, বিষয়টি জানার পর ডুমুরিয়া থানার ওসিকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, বিকেলে থানার গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানোর নির্দেশ দেওয়া হয়েছিল। চেকপোস্ট কার্যকর থাকলে হয়তো এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হতো।

পুলিশ সুপার আরও জানান, ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে ডিএসবির কয়েকটি দলকে নির্দেশ দেওয়া হয়েছে। তারা ইতোমধ্যে কাজ শুরু করেছে।

এদিকে, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
 

জেএইচ

Link copied!