খুলনা নগরীর প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।বুধবার ভোররাতে পুলিশ ক্যাম্পের ঠিক সামনেই এ ঘটনা ঘটে। স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় ফাহাদ হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর সাড়ে ৩টা থেকে সোয়া ৪টার মধ্যে মোটরসাইকেলে করে দুই যুবক শিববাড়ি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে আসে। এ সময় তাঁদের একজন বোতলে থাকা পেট্রোল স্তম্ভের গায়ে ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি আশপাশের লোকজনের নজরে এলে তাঁরা দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার পর স্মৃতিস্তম্ভের গায়ে আগুনের চিহ্ন দেখা যায়। আগুন ধরানোর চেষ্টার স্থানেও পোড়া দাগ রয়েছে।
আটক ফাহাদ হোসেন নগরীর শেখপাড়া এলাকার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বুধবার ভোর সোয়া ৪টার দিকে দুই থেকে তিনজন যুবক এসে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
