শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে খুলনায় শিবিরের বিক্ষোভ

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৯:০৯ পিএম

নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে খুলনায় শিবিরের বিক্ষোভ

 দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মহানগর শাখা। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় নগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ের বাবরী চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলপূর্ব সমাবেশে মহানগর ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য রাকিব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক মহানগর ছাত্রশিবির সভাপতি ও দৌলতপুর থানা জামায়াতের আমির মুশাররফ আনসারী, সাবেক মহানগর ছাত্রশিবির সভাপতি ও সোনাডাঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম এবং শিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন।

সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ১৭ বছর ধরে দেশের মানুষের অধিকার হরণ করে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন। কিন্তু সাধারণ মানুষের সম্মিলিত প্রতিবাদের মুখে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। বর্তমানে একটি চক্র নয়াদিল্লিতে বসে দেশে নৈরাজ্য ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। অন্যদিকে, বর্তমান সরকার জনগণের অধিকার নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের মাটিতে আর কোনো স্বৈরাচার কিংবা আধিপত্যবাদের স্থান হবে না। দেশের মানুষ এখন নিজেদের অধিকার সম্পর্কে সচেতন। তাই সরকারকে সংবিধান অনুযায়ী জনগণের অধিকার নিশ্চিত করতে হবে এবং অপকর্মে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সম্ভাব্য নৈরাজ্য প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

সভাপতির বক্তব্যে রাকিব হাসান বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে ফ্যাসিবাদের দোসরদের পদায়ন করা হচ্ছে, যা উদ্বেগজনক। এসব ঘটনায় সরকারের ব্যর্থতা স্পষ্ট হচ্ছে। ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। সরকার তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে ব্যর্থ হলে এর দায়ভার জনগণকে নিতে হবে। এ সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্রদলসহ সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ইসরাফিল হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর শাখার দপ্তর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও বিজ্ঞান সম্পাদক ফারহান তূর্য, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক ইমরানুল হক, তথ্য সম্পাদক সেলিম বিন আব্দুস সালামসহ মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা।

মিছিলে মহানগর, বিভিন্ন ক্যাম্পাস ও থানা শাখার নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তাঁদের ‘ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ, একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর, খুনি লীগের বিচার চাই এবং গণহত্যাকারীর শাস্তি কার্যকর করো সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
 

জেএইচ

Link copied!