শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
১৯ নভেম্বর রায়

ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ মামলা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৯:৪৯ পিএম

ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ মামলা

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণের নামে আত্মসাৎ এবং হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে রায়ের তারিখ নির্ধারণ করেছেন আদালত। আগামী ১৯ নভেম্বর এ মামলার রায় ঘোষণা করা হবে।
বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে এ দিন ধার্য করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দায়ের করা ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। আদালত ১৯ নভেম্বর রায়ের দিন ধার্য করেছেন।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, জাবেদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব ‘ভিশন ট্রেডিং’ প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করানো হয়। পরে ওই অর্থ কর্মচারীদের মাধ্যমে উত্তোলন করে হুন্ডির সাহায্যে বিদেশে পাচার এবং সেখানে সম্পদ কেনার অভিযোগ আনা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে এ অর্থ আত্মসাতের ঘটনা ঘটে।
এ ঘটনায় ২০২৫ সালের ২৪ জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করেন। পরবর্তী সময়ে তদন্ত শেষে গত ৫ জানুয়ারি তিনি আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলার প্রধান আসামি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। অন্য আসামিদের মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী ও রোকসানা জামান চৌধুরী।
এ ছাড়া ব্যাংকটির সাবেক পরিচালক, চেয়ারম্যান, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে সাবেক চেয়ারম্যান এম এ সবুর, সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরীসহ ব্যাংকের একাধিক সাবেক কর্মকর্তা রয়েছেন।
তদন্তে মামলার প্রাথমিক আসামি তালিকার বাইরে আরও সাতজনের সম্পৃক্ততা পাওয়ার কথা উল্লেখ করে অভিযোগপত্রে মোট ৩৬ জনকে আসামি করা হয়। তবে মামলার ৩১ আসামির মধ্যে দুজন মারা যাওয়ায় তাঁদের বিচারিক কার্যক্রম থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা।
মামলায় সাক্ষী করা হয়েছে ৯২ জনকে। এখন উভয়পক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ায় আগামী ১৯ নভেম্বরের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।

 

জেএইচ

Link copied!