বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান। দান, শীল ও ভাবনার মধ্য দিয়ে আত্মশুদ্ধি, মৈত্রী, করুণা ও অহিংসার আদর্শ ধারণের প্রত্যয়ে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার জ্ঞানোদয় বনবিহারে অনুষ্ঠিত হয়েছে ২৩তম শুভ মহান দানোত্তম কঠিন চীবর দানোৎসব।
শনিবার সকাল থেকে বিহার প্রাঙ্গণে সমবেত হন বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী পুণ্যার্থীরা। দুই দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনে বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পিণ্ডদান ও কঠিন চীবর দানসহ নানা ধর্মীয় ও পুণ্যানুষ্ঠানে অংশ নেন দায়ক-দায়িকারা।
এ সময় স্বধর্মদেশনা প্রদান করেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালঙ্কার মহাস্থবির, নানিয়ারচর রত্নাংকুর বনবিহারের অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির এবং জ্ঞানোদয় বনবিহারের অধ্যক্ষ সুমঙ্গল মহাস্থবিরসহ অন্যান্য বৌদ্ধ ভিক্ষুরা।
বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী, প্রবারণা পূর্ণিমার পর নির্দিষ্ট সময়ের মধ্যে ভিক্ষুসংঘকে চীবর বা পরিধেয় বস্ত্র দানের মাধ্যমে কঠিন চীবর দানের আনুষ্ঠানিকতা পালন করা হয়। বৌদ্ধ ধর্মে এটি অত্যন্ত পুণ্যময় ও তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় আচার।
ধর্মীয় এ আয়োজনের মধ্য দিয়ে বুদ্ধের মৈত্রী, করুণা ও অহিংসার আদর্শ অনুসরণের পাশাপাশি দান, শীল, সংযম, সহমর্মিতা, সম্প্রীতি ও মানবকল্যাণের শিক্ষা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
