শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কুয়েটে হলের কক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর, রক্তাক্ত বাম চোখ

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ১০:৪৮ এএম

কুয়েটে হলের কক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর, রক্তাক্ত বাম চোখ

 খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আবাসিক হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। বিভাগের এক বন্ধুর সঙ্গে কথা-কাটাকাটির জেরে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী তাঁর কক্ষে গিয়ে হামলা চালান বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ সময় তাঁর বাম চোখে ঘুষি মারা হলে চোখ দিয়ে রক্ত ঝরতে থাকে। পরে তাঁকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। চোখের ভেতরে কোনো আঘাত লেগেছে কি না, তা নিশ্চিত হতে রাতে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তাঁকে খুলনা শহরে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

আহত শিক্ষার্থীর নাম নাজমুল ইসলাম। তিনি কুয়েটের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২ ব্যাচের শিক্ষার্থী এবং লালন শাহ হলের আবাসিক ছাত্র।

নাজমুলের ভাষ্য, ল্যাবে বিভাগের এক বন্ধুর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এর জের ধরে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী তাঁর কক্ষে গিয়ে মারধর করেন। তাঁদের মধ্যে আসিফ, তন্ময় ও তৌফিক ইসলাম তাঁকে বেশি মারধর করেন বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে তাঁর বাম চোখে ঘুষি মারা হলে চোখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। মারধরের একপর্যায়ে তিনি মেঝেতে পড়ে যান। তবে জ্ঞান হারাননি।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সূত্রপাত বিভাগের হাসান তৌফিক নামে এক শিক্ষার্থীর সঙ্গে নাজমুলের কথা-কাটাকাটি থেকে। পরে হাসান তৌফিক নাজমুলের কক্ষে গিয়ে চিৎকার-চেঁচামেচি করেন এবং তাঁকে ক্ষমা চাইতে বলেন। তবে ওই সময় নাজমুল কক্ষের দরজা না খুলে নামাজ পড়ছিলেন। একপর্যায়ে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী, যাঁদের মধ্যে ইফাজসহ আরও কয়েকজন ছিলেন, সেখানে গিয়ে দরজায় ধাক্কাধাক্কি শুরু করেন।

এ সময় নাজমুলের রুমমেট মাহিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তিনি সবাইকে নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে চলে যেতে বলেন। কিন্তু এর মধ্যেই কয়েকজন কক্ষে প্রবেশ করেন। পরে কথাবার্তার একপর্যায়ে তাঁরা নাজমুলকে মারধর শুরু করেন। এ সময় তাঁর বাম চোখে ঘুষি মারা হয়। এতে চোখ দিয়ে রক্ত ঝরতে থাকে এবং তিনি মেঝেতে পড়ে যান।

পরে রুমমেট ও অন্য শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি কক্ষে ফিরে আসেন। তবে চোখের ভেতরে কোনো ধরনের ক্ষতি হয়েছে কি না, তা নিশ্চিত হতে তাঁকে খুলনা শহরে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্রকল্যাণ কার্যালয়ের উপপরিচালক রাজন কুমার রাহা বলেন, তিনি আহত নাজমুলকে দেখতে গিয়েছিলেন। তাঁর চোখের পাতার ওপর কয়েকটি স্থানে কেটে গেছে। চোখের ভেতরে কোনো আঘাত লেগেছে কি না, তা পরীক্ষা করার জন্য তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, যেহেতু ঘটনাটি আজই ঘটেছে, তাই এই মুহূর্তে শিক্ষার্থীর সুস্থতা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করাই সবচেয়ে জরুরি।

ঘটনার প্রেক্ষাপট ও প্রশাসনিক পদক্ষেপ সম্পর্কে রাজন কুমার রাহা বলেন, বিকেলে বিভাগীয় প্রধান তাঁদের দুজনের মধ্যে বিরোধের বিষয়টি জানতে পেরে উভয়কে ডেকেছিলেন। পরদিন বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু তাঁর সঙ্গে কথা বলার আগেই তাঁরা মারামারিতে জড়িয়ে পড়েন। এ ঘটনায় বিভাগীয় প্রধান সম্ভবত ছাত্রকল্যাণ পরিচালকের দপ্তরে (ডিএসডব্লিউ) অভিযোগ জানাতে বলেছেন। তিনিও বিষয়টি ডিএসডব্লিউকে জানিয়েছেন। পরদিন উভয় পক্ষকে ডেকে কথা বলা হতে পারে। এরপর প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে লালন শাহ হলের প্রভোস্ট শরিফুল ইসলাম বলেন, ঘটনার বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালকের (ডিএসডব্লিউ) সঙ্গে কথা বলতে হবে। সংশ্লিষ্ট দপ্তর এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারবে।
 

জেএইচ

Link copied!