শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
দেয়ালে ‘যুবলীগ’ লেখা

খুলনা নগর ভবনের সিঁড়িতে পেট্রোল বোমা হামলা

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ১২:২৪ পিএম

খুলনা নগর ভবনের সিঁড়িতে পেট্রোল বোমা হামলা

খুলনা নগর ভবনের সিঁড়িতে পেট্রোল বোমা হামলা। ছবি : মুক্তবাণী

 খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা নগর ভবনের সিঁড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। একই সময়ে ভবনের বাইরের দেয়ালে লাল রং দিয়ে ‘যুবলীগ’ লিখে রেখে যায় দুর্বৃত্তরা।

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা নগর ভবন ও আশপাশের এলাকা পরিদর্শন করেন এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
তবে কারা, কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটকের তথ্যও পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে খুলনা নগরীর বিভিন্ন স্থানে একের পর এক নাশকতামূলক ঘটনার প্রেক্ষাপটে নগর ভবনে হামলার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে প্রশাসন। প্রাথমিকভাবে এসব ঘটনার সঙ্গে হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নগর ভবনের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় পেট্রোল বোমা হামলা এবং ভবনের দেয়ালে রাজনৈতিক সংগঠনের নাম লিখে যাওয়ার ঘটনায় নগরজুড়ে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।

জেএইচ

Link copied!