শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

নগর ভবনে পেট্রোল বোমা হামলা, রাজনৈতিক পরিচয়েও মিলবে না ছাড়

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০১:৩৯ পিএম

নগর ভবনে পেট্রোল বোমা হামলা, রাজনৈতিক পরিচয়েও মিলবে না ছাড়

ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু । ছবি : মুক্তবাণী

 খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। চলন্ত মোটরসাইকেল থেকে ছোড়া বোমাটি ভবনের সামনের সিঁড়িতে পড়ে বিস্ফোরিত হলে আগুন ধরে যায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি জানিয়েছেন, অপরাধে রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের সংশ্লিষ্টতা পাওয়া গেলেও কাউকে ছাড় দেওয়া হবে না বলে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন।

রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে নগর ভবনের সামনের সড়ক থেকে এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, একটি চলন্ত মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বোমাটি ভবনের সামনের সিঁড়িতে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়। পরে নগর ভবনের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে টুটপাড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট সেখানে গেলেও ততক্ষণে আগুন নিভে যায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমাটি ভবনের সিঁড়িতে পড়ে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে নগর ভবনের বিপরীতে শহীদ হাদিস পার্কের দেয়ালে লাল রঙের স্প্রে দিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের নাম লেখা হয়েছে। তবে দেয়ালে এ নাম লেখার ঘটনার সঙ্গে পেট্রোল বোমা হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, সিটি করপোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। এটি কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নয়; নগরবাসীর কল্যাণ ও সেবা নিশ্চিত করাই এ প্রতিষ্ঠানের কাজ। এমন একটি প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তাঁরা হতবাক। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।

হামলার সম্ভাব্য কারণ সম্পর্কে মঞ্জু বলেন, খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে প্রধানমন্ত্রী তাঁদের ঢাকায় ডেকে কথা বলেছেন। সেখানে তাঁরা সার্বিক পরিস্থিতি তুলে ধরেছেন। তাঁর ধারণা, এ হামলার পেছনে দুটি উদ্দেশ্য থাকতে পারে। একটি হলো রাজনৈতিক উদ্দেশ্যে জাতীয় পর্যায়ে সংবাদ শিরোনাম তৈরি করে আতঙ্ক ছড়ানো। অন্যটি হলো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিক্রিয়া। তবে তদন্তের আগে কোনো সম্ভাবনাকেই নিশ্চিতভাবে দায়ী করা যাচ্ছে না।

তিনি বলেন, পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়িতে পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু একই বোমা যদি সাধারণ মানুষের ভিড়ের মধ্যে পড়ত, তাহলে প্রাণহানিসহ ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারত। তাই এ ঘটনাকে কোনোভাবেই বিচ্ছিন্ন বা সাধারণ ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।

নগরীর নিরাপত্তা জোরদারে পুরো খুলনা শহরকে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনার কথাও জানান কেসিসি প্রশাসক। তিনি বলেন, এ বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সঙ্গে আলোচনা হয়েছে। দুই সংস্থা যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করবে। এআই প্রযুক্তির এসব ক্যামেরার মাধ্যমে ব্যক্তি, যানবাহন ও ইজিবাইক শনাক্ত করে অপরাধীদের অবস্থান দ্রুত চিহ্নিত করা এবং গ্রেপ্তারে সহায়তা পাওয়া যাবে।

হামলার পর পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে জানিয়ে মঞ্জু বলেন, পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং কিছু তথ্য সংগ্রহ করেছে। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার। কেসিসিও বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করবে।

নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। মানুষকে জিম্মি করে রাজনৈতিক আদর্শ বাস্তবায়ন কিংবা অবৈধ অর্থ উপার্জনের কোনো সুযোগ দেওয়া হবে না। প্রধানমন্ত্রী খুলনাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। অপরাধে রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের সংশ্লিষ্টতা পাওয়া গেলেও তাঁদের ছাড় দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন।
 

জেএইচ

Link copied!