শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

খুলনায় এসআরবির অভিযানে গুলি বিনিময়

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০২:১৪ পিএম

খুলনায় এসআরবির অভিযানে গুলি বিনিময়

খুলনায় এসআরবি‍‍`র অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার। ছবি : মুক্তবাণী

খুলনার দৌলতপুরে মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল। এ সময় সন্দেহভাজন মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারীদের সঙ্গে এসআরবি সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তবে রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (১৬ নভেম্বর) রাত ২টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানাধীন ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা রোডসংলগ্ন কেডিএ মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে অজ্ঞাতনামা মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারীরা আভিযানিক দলের সদস্যদের প্রতিরোধের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসআরবি সদস্যরা তিন রাউন্ড শটগানের গুলি ছোড়েন। এ সময় সন্দেহভাজন ব্যক্তিরা রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেন আভিযানিক দলের সদস্যরা।

উদ্ধার করা অস্ত্র ও গুলি উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জেএইচ

Link copied!