মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এলেন এনসিপির কেন্দ্রীয় নেতা সুলতান জাকারিয়া

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৯:৪৩ পিএম

পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এলেন এনসিপির কেন্দ্রীয় নেতা সুলতান জাকারিয়া

ছবি : দৈনিক মুক্তবাণী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণার দুই ঘণ্টা পর নিজের সিদ্ধান্ত থেকে সরে এলেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া। এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

এ ব্যাপারে সুলতান জাকারিয়া জানান, দলীয় হাইকমান্ড তার অভিযোগগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়ায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া পোস্টে পদত্যাগের জন্য তিনি কয়েকটি কারণও তুলে ধরেন। দলের আরেক যুগ্ম আহবায়ক হান্নান মাসুদ ও যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিনের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ এনেছিলেন তিনি। তবে কেন্দ্রকে এসব জানালেও কোন ব্যবস্থা না নেয়ায় পদত্যাগ করেছিলেন বলে জানান তিনি।

ফেসবুক পোস্টে সুলতান মোহাম্মদ জাকারিয়া জানান, এনসিপিতে যোগ দেয়ার পর দলের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন এবং নোয়াখালী-২ আসনে দলীয় প্রার্থী হিসেবে কাজ করেছেন তিনি। পাশাপাশি দলের ২৪ দফা রাজনৈতিক ম্যানিফেস্টোসহ বিভিন্ন গাঠনিক দলিল তৈরিতেও ভূমিকা রাখার চেষ্টা করেছেন।

তিনি অভিযোগ করেন, দলের অভ্যন্তরীণ গণতন্ত্র, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার বিষয়ে শুরু থেকেই নেতৃত্বকে পরামর্শ দিয়ে আসলেও এসব বিষয়ে প্রত্যাশিত অগ্রগতি হয়নি।

ফেসবুক পোস্টে তিনি আরও জানান, আত্মমর্যাদা, সম্মান ও জবাবদিহির প্রশ্নে আপস করতে চান না। তাই প্রচলিত রাজনৈতিক বিরোধে জড়িয়ে না পড়ে সম্মানের সঙ্গে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

জেএইচ

Link copied!