বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
শিশির মনির

বিচার বিভাগ ডিজিটালাইজড না হলে আইনজীবীদের প্রতি আস্থা কমবে

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০১:১০ পিএম

বিচার বিভাগ ডিজিটালাইজড না হলে আইনজীবীদের প্রতি আস্থা কমবে

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ছবি : দৈনিক মুক্তবাণী

 বিচার বিভাগের দীর্ঘসূত্রতা ও মামলাজট নিরসনে উচ্চ আদালতের কাঠামোগত সংস্কার এবং দেশের সব অধস্তন আদালত ডিজিটালাইজড করার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেছেন, বিচার ব্যবস্থার গতি ফিরিয়ে আনা না গেলে একসময় আইনজীবীদের প্রতি মক্কেলদের আস্থার সংকট তৈরি হবে। শুধু আদালতের ভবন, ক্যান্টিন কিংবা বসার জায়গার উন্নয়ন নয়, সাধারণ মানুষের জন্য কার্যকর আইনি প্রতিকার নিশ্চিত করাই আইনজীবী সমিতির নেতৃত্বের প্রধান দায়িত্ব হওয়া উচিত।

বুধবার দুপুরে খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট লস্কর শাহ্ আলম ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম লিটন পরিষদের পরিচিতি সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিশির মনির বলেন, আইনজীবীর পেশা শুধু অর্থ উপার্জনের মাধ্যম নয়; এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি জীবনাচরণ। একজন আইনজীবীকে এমনভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে বিপদে পড়া মানুষ তাঁর কাছে গিয়ে নিরাপদ বোধ করেন। আইনজীবীদের পেশাগত স্বাধীনতা থাকতে হবে, যাতে তাঁরা অন্য কারও দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে নিজেদের বিবেক ও আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেন।

বিচার বিভাগের মামলাজটের চিত্র তুলে ধরে তিনি বলেন, সুপ্রিম কোর্টে বর্তমানে বিচারক রয়েছেন ১০৪ জন। এর মধ্যে আপিল বিভাগে পাঁচজন এবং হাইকোর্ট বিভাগে ৯৯ জন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আপিল বিভাগে প্রায় ৩৬ হাজার এবং হাইকোর্ট বিভাগে প্রায় ৩৩ লাখ মামলা বিচারাধীন। এত বিপুলসংখ্যক মামলার বিপরীতে বিচারকের সংখ্যা কম হওয়ায় বিচারপ্রার্থীদের বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে।

তিনি বলেন, অনেক ক্ষেত্রে হাইকোর্টে আপিল করার পর শুনানির জন্য দুই, চার, ছয়, এমনকি আট থেকে ১০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। মক্কেলরা বারবার আইনজীবীদের কাছে শুনানির তারিখ জানতে চান। কিন্তু অনেক সময় আইনজীবীদেরও কিছু করার থাকে না। এভাবে চলতে থাকলে বিচারপ্রার্থীদের কাছে আইনজীবীদের গ্রহণযোগ্যতা ও আস্থা কমে যাবে।

আপিল বিভাগের সংস্কারের প্রস্তাব দিয়ে শিশির মনির বলেন, ফৌজদারি, দেওয়ানি, কোম্পানি ও অন্যান্য বিষয়ের জন্য বিশেষায়িত বেঞ্চ গঠন করা প্রয়োজন। ১৫ জন বিচারক নিয়ে তিনজন করে পাঁচটি বেঞ্চ করা যেতে পারে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনে সব বিচারক একসঙ্গে শুনানি করবেন। এতে মামলা নিষ্পত্তির গতি বাড়বে।

অধস্তন আদালতের কার্যক্রম ডিজিটালাইজড করার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, এখনো অনেক আদালতে সাক্ষীর জবানবন্দি ও জেরা হাতে লেখা হয়। এতে আইনজীবীর প্রশ্ন এবং সাক্ষীর উত্তরের মধ্যে অসংগতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। অনেক সময় মামলার নথির নকল তুলতে গিয়ে দেখা যায়, আইনজীবীর করা প্রশ্নের উত্তর যথাযথভাবে লিপিবদ্ধ হয়নি। এ সমস্যা দূর করতে দেশের সব অধস্তন আদালতকে ডিজিটাল পদ্ধতির আওতায় আনতে হবে।

খুলনার আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আগাম জামিনের জন্য আইনজীবীদের ঢাকায় যেতে হয়। জেলা ও মহানগর পর্যায়ের আদালতে আগাম জামিনের ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন। আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, সাধারণ মানুষের জন্য নতুন আইনি প্রতিকার নিশ্চিত করার উদ্যোগও নিতে হবে।

বিচারক ও আইনজীবীদের দায়িত্ব সম্পর্কে শিশির মনির বলেন, বিচারক হতে হবে সাহসী, চিন্তাশীল ও আইন সম্পর্কে গভীর জ্ঞানসম্পন্ন। একইভাবে আইনজীবীদেরও মক্কেলের অধিকার রক্ষায় দৃঢ় ও সৃজনশীল হতে হবে। আগাম জামিনের ইতিহাস তুলে ধরে তিনি প্রয়াত আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের অবদানের কথাও উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ফৌজদারি কার্যবিধির ৪৯৭এ ধারা বিলুপ্ত হওয়ার পরও ৪৯৮ ধারার ব্যাখ্যার মাধ্যমে সুপ্রিম কোর্টে আগাম জামিনের সুযোগ প্রতিষ্ঠায় খন্দকার মাহবুব হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

তিনি বলেন, দেশে প্রায় ৭০ থেকে ৮০ হাজার আইনজীবী রয়েছেন। তাঁরা ঐক্যবদ্ধভাবে দাবি তুললে বিচার বিভাগকে ডিজিটালাইজড করা সম্ভব। আইনজীবী সমিতির নেতৃত্ব নির্বাচনে ব্যক্তিগত পরিচয়ের পরিবর্তে প্রার্থীদের বিবেক, যোগ্যতা ও পেশাগত দক্ষতাকে গুরুত্ব দিতে হবে।

আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীদের প্রতি সমর্থন প্রত্যাশা করে শিশির মনির বলেন, এ প্যানেলের প্রার্থীরা নিষ্ঠা, সততা ও দায়বদ্ধতার সঙ্গে আইনজীবীদের পাশে থাকার প্রত্যয় নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। যোগ্যতা, অভিজ্ঞতা ও পেশাগত নিষ্ঠা বিবেচনায় নিয়ে ভোটাররা সঠিক সিদ্ধান্ত নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। নির্বাচন শেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে খুলনা জেলা আইনজীবী সমিতির মর্যাদা ও ঐতিহ্য সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের। প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।

শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, সমিতির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট সরদার আব্দুল জলিল ও অ্যাডভোকেট আওছাফুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম এবং অ্যাডভোকেট সেলিম আল আজাদ।

এ ছাড়া বক্তব্য দেন সভাপতি প্রার্থী অ্যাডভোকেট লস্কর শাহ্ আলম, সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম লিটন, সহসভাপতি প্রার্থী অ্যাডভোকেট মুহা. আব্দুল মান্নান ও অ্যাডভোকেট এ.এ.এম. মুমিনুজ্জামান, যুগ্ম সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মো. হানিফ উদ্দীন, লাইব্রেরি সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট জি.এম. মোহেব্বুর রহমান এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান (শান্ত)।

অনুষ্ঠানে সদস্য প্রার্থী অ্যাডভোকেট এস.এম. মাহবুবুর রহমান, অ্যাডভোকেট মো. মুজাহিদুল ইসলাম, অ্যাডভোকেট এস.এম. রুহুল আমিন, অ্যাডভোকেট মো. লুৎফর রহমান, অ্যাডভোকেট শর্মিষ্ঠা রানী কুন্ডু, অ্যাডভোকেট শেখ মো. হুসাইন কবির ও অ্যাডভোকেট মো. নবশের আলী শেখসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন অ্যাডভোকেট কাজী নাজমুল হাসান, গীতা পাঠ করেন অ্যাডভোকেট ভবেশ চন্দ্র রায় এবং বাইবেল পাঠ করেন অ্যাডভোকেট কল্পনা রায়।

উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ নুরুল হাসান রুবা। পরিষদের অন্য দুই সদস্য হলেন অ্যাডভোকেট এস.এম. মুজিবর রহমান ও অ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম। নির্বাচনে আইনজীবী ঐক্য পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
 

জেএইচ

Link copied!