ন্যায়বিচার নিশ্চিত করুন, নির্যাতিতদের সুরক্ষা দিন, দায়মুক্তির অবসান ঘটান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীর প্রতি সব ধরনের সহিংসতা, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নারীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং অপরাধীদের দায়মুক্তির পথ বন্ধ করতে হবে।
এ সময় বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের প্রত্যাশা অনুযায়ী নোবিপ্রবিকে একটি নিরাপদ, মানবিক ও বৈষম্যহীন ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে হবে। যেখানে প্রতিটি নারী শিক্ষার্থী সম্মান ও নিরাপত্তার সঙ্গে নিজের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে পারবেন।
মানববন্ধন থেকে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং ক্যাম্পাসে সম্মানজনক ও নিরাপদ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।
