কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একটি হাসপাতাল সিলগালা করেছে সিভিল সার্জন কার্যালয়।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আদর্শ সদর উপজেলার শাসনগাছা এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের যৌথ দল।
অভিযান সূত্রে জানা গেছে, বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকির সময় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন ছাড়াই চিকিৎসাসেবা প্রদান, অদক্ষ জনবল দিয়ে এক্স-রে পরীক্ষা, রোগীদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি অর্থ আদায় এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ একাধিক অনিয়মের সন্ধান পাওয়া যায়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কুমিল্লা এভারকেয়ার হাসপাতালকে ১ লাখ ৫০ হাজার টাকা, খিদমাহ স্পেশালাইজড হাসপাতালকে ২০ হাজার টাকা এবং আতিক মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে তিন প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করা হয় ১ লাখ ৭৫ হাজার টাকা।
অন্যদিকে, প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদনসংক্রান্ত নথি না থাকায় সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে শাসনগাছা এলাকার মীম হাসপাতাল সিলগালা করা হয়। পাশাপাশি অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে সতর্ক করার পাশাপাশি সংশোধনের নির্দেশনা দিয়ে মুচলেকা নেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদিন, উপজেলা মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. প্রসেনজিৎ বিশ্বাস, সদর মেডিকেল অফিসার ডা. জিনাত মুসতারী এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় জেলা পুলিশের একটি দল ও অফিস সহকারী ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
