গাজীপুরকে শুধু শিল্পনগরী নয়, খাদ্য ও প্রাণিসম্পদ উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। তিনি বলেছেন, পরিকল্পিত উদ্যোগ, আধুনিক প্রযুক্তি ও উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে শিল্পসমৃদ্ধ গাজীপুরেই কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
একই সঙ্গে শ্রমিকদের নিম্নতম মজুরি ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের সরকারি ঘোষণায় গাজীপুরের শিল্পাঞ্চলে চলমান অস্থিরতা দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এম. রকিবুল হাসান। স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা, গাজীপুর জেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আ.ক.ম. মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক মাসুদুল কবীর মোনায়েমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার প্রসঙ্গে তিনি বলেন, গাজীপুর এখন একটি বৃহৎ শিল্পনগরী। এ কারণে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হলে শুধু ধান চাষের ওপর নির্ভর করার প্রয়োজন নেই। জেলা ও মহানগরজুড়ে পরিকল্পিতভাবে মৎস্য চাষ, আধুনিক পদ্ধতিতে গবাদিপশু পালন এবং উন্নত জাতের হাঁস-মুরগি উৎপাদনের ব্যাপক সুযোগ রয়েছে। এমনকি বসতবাড়ির বারান্দা কিংবা সীমিত জায়গা ব্যবহার করেও পরিকল্পিতভাবে পোল্ট্রি ও প্রাণিসম্পদ পালন করে অনেক পরিবার স্বাবলম্বী হতে পারে।
