জুলাই সনদ ও গণভোটের রায় উপেক্ষা করায় দেশে রাজনৈতিক বিভক্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা কবীরুল ইসলাম। তিনি বলেছেন, জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার পূর্বশর্ত হলো জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন। এটি কোনো দল বা জোটের একক দাবি নয়, বরং জাতীয় গণদাবিতে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে খুলনা নগরীর জিরো পয়েন্টে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা কবীরুল ইসলাম বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় উপেক্ষা করার সুযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর সুযোগ পাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে পরিস্থিতির অবনতি হচ্ছে। প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকেও উসকানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, জনরোষে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই। জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধারা তাদের অপতৎপরতা প্রতিহত করতে প্রস্তুত রয়েছেন। চব্বিশের গণঅভ্যুত্থানের যোদ্ধাদের রক্ত এখনো টগবগ করছে। শহীদদের উত্তরসূরিরা ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে রাজপথে রয়েছেন।
প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে প্রথমে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। দীর্ঘ ১৮ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। রাষ্ট্রব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে জুলাই সনদ ও গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। এর মাধ্যমেই ফ্যাসিবাদ, নৈরাজ্য ও আয়নাঘরমুক্ত মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
কবীরুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী কোনো অন্যায় ও নৈরাজ্যের কাছে মাথা নত করবে না। দলের শীর্ষ নেতারা হাসিমুখে ফাঁসির মঞ্চে গিয়েছেন, তবু অন্যায়ের কাছে আপস করেননি। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিবাদী অপশক্তির অপতৎপরতা মোকাবিলায় জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও অধ্যক্ষ গাওসুল আযম হাদী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট লিয়াকত আলী সরদার, শেখ সিরাজুল ইসলাম, অধ্যাপক মোস্তফা আল মুজাহিদ, অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, মো. আশরাফুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা অঞ্চল টিম সদস্য খান গোলাম রসুল, ছাত্রশিবিরের খুলনা উত্তর জেলা সভাপতি মোমিনুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ও সহকারী সেক্রেটারি আল আমিন গোলদার।
এ ছাড়া বিভিন্ন উপজেলা ও থানা জামায়াতের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মুক্তার হোসাইন, ফুলতলা উপজেলা আমীর মাওলানা ওবায়দুল্লাহ, রূপসা উপজেলা আমীর মাওলানা লবিবুল ইসলাম, বটিয়াঘাটা উপজেলা আমীর মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ, লবণচরা থানা আমীর জি এম সেলিম বাহার, খানজাহান আলী থানা আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটোসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর গল্লামারী মোড়ে গিয়ে শেষ হয়।
