নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বাড়াতে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটিতে পুতুলনাচ প্রদর্শনী ‘আঁধার কেটে আলোর শিখা’ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৬ (সিক্সটিন ডেইজ অব অ্যাকটিভিজম অ্যাগেইনস্ট জেন্ডার-বেইজড ভায়োলেন্স) উপলক্ষে গতকাল ২৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি প্রোগ্রামের শিখা প্রজেক্ট এ আয়োজন করে। অনুষ্ঠানে ৫৫০-এর বেশি শিক্ষার্থী ও প্রায় ৩০ জন শিক্ষক অংশ নেন।
প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। তিনি সময়োপযোগী এ উদ্যোগের জন্য ব্র্যাককে ধন্যবাদ জানান। তাঁর মতে, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা, মানবিক মূল্যবোধ ও ইতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার সামাজিক সচেতনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল আচরণের ওপর জোর দেন। রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা এবং সহিংসতা ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ।
আইন বিভাগের সহযোগী অধ্যাপক ও কমপ্লেইন্ট কমিটির আহ্বায়ক ড. মেহের নিগার পুতুলনাট্যের অন্তর্ভুক্তিমূলক উপস্থাপনার প্রশংসা করেন। তিনি জানান, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে যৌন হয়রানি, বুলিংসহ নানা সহিংসতা কীভাবে ঘটে, তা নাটকে বাস্তবসম্মতভাবে দেখানো হয়েছে। একই সঙ্গে প্রতিরোধ, সচেতনতা, কার্যকর রিপোর্টিং ও প্রতিকারব্যবস্থার বিষয়ও উঠে এসেছে। শিক্ষক-শিক্ষার্থী উভয়ের জন্যই এটি প্রয়োজনীয় বলে মন্তব্য করেন তিনি।
শিখা প্রজেক্টের লক্ষ্য ও প্রদর্শনীর তাৎপর্য তুলে ধরেন প্রজেক্ট ম্যানেজার (জেন্ডার মেইনস্ট্রিমিং) আফরোজা খাতুন। স্বাগত বক্তব্য দেওয়ার পাশাপাশি পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন টেকনিক্যাল ম্যানেজার (জেন্ডার মেইনস্ট্রিমিং) হামিদা আহসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহিত উল আলম, ছাত্রকল্যাণ উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. আব্দুর রহিম, প্রক্টর ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ সোলাইমান চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
প্রদর্শনী শেষে শিক্ষার্থীরা নিজেদের উপলব্ধির কথা জানান। একজন বলেন, যৌন হয়রানি ও সহিংসতার শিকার শুধু নারীরাই নন, পুরুষ ও ছেলেরাও বুলিংসহ নানা হয়রানির শিকার হতে পারেন; প্রদর্শনীতে বিষয়টি সুন্দরভাবে উঠে এসেছে। আরেকজন বলেন, শুধু নারীদের সচেতন করলেই হবে না, ছেলেদের দৃষ্টিভঙ্গি, আচরণ ও সামাজিক মনোভাবেও ইতিবাচক পরিবর্তন আনা জরুরি। ছেলেদের সক্রিয়ভাবে যুক্ত করা গেলেই টেকসই সামাজিক পরিবর্তন সম্ভব বলে তিনি মনে করেন।
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, যৌন হয়রানি, বুলিং ও জেন্ডারভিত্তিক বৈষম্য প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, ইতিবাচক দৃষ্টিভঙ্গির বিকাশ এবং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে সম্মিলিত উদ্যোগে উৎসাহ দেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
