কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চলন্ত বাসের মধ্যেই এক ফুটফুটে নবজাতকের জন্ম হয়েছে। প্রসবব্যথা ওঠার পর বাসের চালক, স্টাফ ও যাত্রীদের সম্মিলিত সহযোগিতায় বাসের ভেতরেই সন্তান প্রসব করেন ওই নারী। তাঁদের তাৎক্ষণিক উদ্যোগ ও মানবিক সহযোগিতায় নিরাপদে পৃথিবীর আলো দেখে নবজাতক। ব্যতিক্রমী এ ঘটনায় বাসের যাত্রীদের মধ্যে আনন্দ ও স্বস্তি ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার আইদি পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।
জানা যায়, চাঁদপুরের ওয়ারলেস এলাকা থেকে স্বামী ও দুই সন্তানকে সঙ্গে নিয়ে আইদি পরিবহনের ওই বাসে ওঠেন এক নারী। বাসটি কুমিল্লার দিকে আসার পথে জগৎপুর বাজার অতিক্রম করলে তাঁর স্বামী চালকের কাছে সামনের দিকে কোনো হাসপাতাল রয়েছে কি না জানতে চান। জবাবে চালক মুদাফরগঞ্জ বাজারে হাসপাতাল থাকার কথা জানান।
এরপর বাসটি বিজরা বাজারের কাছাকাছি পৌঁছালে ওই নারীর প্রসবব্যথা শুরু হয়। এ সময় তাঁর স্বামী বাস থামানোর অনুরোধ জানিয়ে বিষয়টি চালককে অবহিত করেন। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে বাসের কয়েকজন যাত্রী এগিয়ে আসেন। পরে বিজরা বাজারে বাস থামিয়ে পাশের একটি হাসপাতালের নার্সদের সঙ্গে যোগাযোগ করা হয়।
খবর পেয়ে হাসপাতালের নার্সরা বাসে এসে পৌঁছান। তাঁরা বাসে উঠে দেখতে পান, ওই নারীর প্রসবপ্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। পরে প্রয়োজনীয় সহযোগিতায় বাসের মধ্যেই তিনি একটি সন্তানের জন্ম দেন। নবজাতকের আগমনে মুহূর্তেই বাসের ভেতর তৈরি হয় আনন্দঘন পরিবেশ।
এদিকে প্রসবের কারণে বাসটি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় চালক ও পরিবহনকর্মীদের কিছুটা ভোগান্তি হলেও যাত্রীদের অনুরোধে তাঁরা অপেক্ষা করেন। পরে আইদি পরিবহন কর্তৃপক্ষ অন্য একটি বাসের ব্যবস্থা করে যাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেয়।
এ বিষয়ে কুমিল্লার বিশিষ্ট গাইনি চিকিৎসক ডা. নাজমা মজুমদার লিরা বলেন, বাসচালক ও যাত্রীদের পারস্পরিক সহযোগিতা এবং মানবিক উদ্যোগের ফলেই একটি শিশু নিরাপদে পৃথিবীর আলো দেখার সুযোগ পেয়েছে। এর মধ্য দিয়ে বাবা-মা তাঁদের কাঙ্ক্ষিত সন্তানকে পেয়েছেন।
একটি সংকটময় মুহূর্তে যাত্রীদের সহমর্মিতা, চালকের দায়িত্বশীলতা এবং পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের মানবিক ভূমিকা প্রশংসার দাবি রাখে। ব্যস্ত সড়কে চলন্ত বাসের এই ঘটনা আবারও প্রমাণ করল, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় মানবিকতা আর কিছু হতে পারে না।
