শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

পুলিশি পাহারায় খুলেছিল চয়নিকা ফার্মেসি, ১৯ দিন পর ফের গুলি

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬, ০৯:০৯ পিএম

পুলিশি পাহারায় খুলেছিল চয়নিকা ফার্মেসি, ১৯ দিন পর ফের গুলি

ছবি: দৈনিক মুক্তবাণী

 চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে খুলনায় একের পর এক গুলির ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় পড়েছেন ব্যবসায়ীরা। পুলিশের সহায়তায় ১৯ দিন বন্ধ থাকার পর চালু হওয়া টুটপাড়ার চয়নিকা ফার্মেসিও শেষ পর্যন্ত রক্ষা পায়নি। শুক্রবার সন্ধ্যায় সেখানে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন ফার্মেসির মালিকের ছেলে জারিফ। একই দিন ভোরে লবণচরা এলাকায় আরও দুটি ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। গত চার দিনে নগরীতে অন্তত ১২টি গুলির ঘটনায় একজন নিহত হয়েছেন।

পুলিশের সহায়তায় ব্যবসাপ্রতিষ্ঠান খুলেও যদি নিরাপত্তা না মেলে, তাহলে ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়—এমন প্রশ্ন এখন নগরজুড়ে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসিতে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় তিনজন অস্ত্রধারী দুর্বৃত্ত ফার্মেসিতে ঢুকে প্রথমে ক্রেতাদের সরিয়ে দেয়। এরপর দোকানমালিকের ছেলে জারিফকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর পায়ে গুলি লাগে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। জারিফের বাবার নাম দৌলতুজ্জামান।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চয়নিকা ফার্মেসির মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল একটি সন্ত্রাসী গোষ্ঠী। দাবিকৃত চাঁদা না দেওয়ায় বিভিন্ন সময় তাঁকে হুমকি-ধমকি দেওয়া হয়। নিরাপত্তাহীনতার কারণে গত ২৬ অক্টোবর ফার্মেসিটি বন্ধ করে দিতে বাধ্য হন মালিক। এতে বিপাকে পড়েন আশপাশের এলাকার ওষুধ ক্রেতারাও।

পরে পুলিশের সহায়তায় ১৯ দিন বন্ধ থাকার পর গত ১৪ নভেম্বর সন্ধ্যায় ফার্মেসিটি আবার চালু করা হয়। এ সময় নিরাপত্তার জন্য সেখানে পুলিশ সদস্যও মোতায়েন করা হয়েছিল। কিন্তু সেই নিরাপত্তাব্যবস্থার মধ্যেও শেষ পর্যন্ত হামলা ঠেকানো গেল না। শুক্রবার সন্ধ্যায় ফার্মেসিতে ঢুকে গুলি করে দুর্বৃত্তরা।

ঘটনার পর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। গোয়েন্দা সংস্থার সদস্যরাও সেখানে উপস্থিত হন।

খুলনা সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, গুলিতে ফার্মেসির মালিকের ছেলে আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

কেএমপির সদর জোনের সহকারী পুলিশ কমিশনার শফিকুর রহমান বলেন, খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে গুলিবিদ্ধ জারিফের সঙ্গে কথা বলেছেন। হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

একই দিনে আরও দুই প্রতিষ্ঠানে গুলি:

এদিকে শুক্রবার ভোরে নগরীর লবণচরা থানার হঠাৎ বাজার এলাকায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। প্রতিষ্ঠান দুটি হলো একটি তুষকাঠের মিল এবং শামসুর রহমানের মালিকানাধীন একটি চানাচুর কারখানা। প্রতিটি প্রতিষ্ঠানে এক রাউন্ড করে গুলি ছোড়া হয়। তবে এতে কেউ হতাহত হননি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে হঠাৎ বাজার এলাকার একটি তুষকাঠের মিলের মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল স্থানীয় সন্ত্রাসী বাহিনীর প্রধান হিসেবে পরিচিত নুর আজিম। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মিলটি লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

একই এলাকায় শামসুর রহমানের চানাচুর কারখানার মালিকের কাছেও দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল ওই বাহিনী। দাবিকৃত টাকা না পেয়ে শুক্রবার ভোরে বাহিনীর দুই সদস্য কারখানাটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রের অভিযোগ।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে গুলির ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে। স্থানীয় লোকজন এ বিষয়ে মুখ খুলছেন না। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চার দিনে অন্তত ১২ দফা গুলি, একজন নিহত:

এর আগে গত মঙ্গলবার এক দিনেই নগরীর সাতটি স্থানে গুলির ঘটনা ঘটে। এর মধ্যে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় শেখ আব্দুল হালিম নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়।

একই দিন নগরীর সোনালী জুট মিলসের সামনে, শলুয়া বাজারের একটি চায়ের দোকান, সোনাডাঙ্গার পালংকি রেস্টুরেন্ট, লবণচরার পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি বাড়ি, মোহাম্মাদীয়া পাড়ায় পরিবহন ব্যবসায়ী টুটুলের বাড়ি এবং সদর থানার বেলায়েত হোসেন সড়কের একটি বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে। এসব ঘটনার কয়েকটি চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

পরদিনও টুটপাড়া এলাকায় এক এনজিও কর্মকর্তার বাড়ির গেট লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ ছাড়া রূপসা ট্রাফিক মোড়ের একাধিক ফার্মেসিতেও চাঁদার দাবিতে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। পরে পুলিশের সহায়তায় প্রতিষ্ঠানগুলো আবার চালু করা হয়।

কিন্তু একের পর এক গুলির ঘটনায় নগরীর ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-আতঙ্ক বাড়ছে। ব্যবসাপ্রতিষ্ঠান, বাড়িঘর ও ব্যক্তিকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলির ঘটনায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে।

বিশেষ করে চাঁদাবাজির হুমকির মুখে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা, পুলিশের সহায়তায় পুনরায় চালু করা এবং এরপরও সেখানে হামলার ঘটনা ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে বড় চ্যালেঞ্জ।
 

জেএইচ

Link copied!