শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়িতে বিশ্ব শান্তি বুদ্ধ ধাতু বোগোঃ জাদির প্রথম ধাপের ছাদ ঢালাই উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬, ১২:৩৩ পিএম

খাগড়াছড়িতে বিশ্ব শান্তি বুদ্ধ ধাতু বোগোঃ জাদির প্রথম ধাপের ছাদ ঢালাই উদ্বোধন

ছবি: দৈনিক মুক্তবাণী

পার্বত্য অঞ্চলে ধর্মীয় সম্প্রীতি, মৈত্রী ও বিশ্বশান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশায় খাগড়াছড়িতে নির্মাণাধীন বিশ্ব শান্তি বুদ্ধ ধাতু বোগোঃ জাদির প্রথম ধাপের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা সদরের সাতভাইয়াপাড়ায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, এমপি আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।
এ উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান, জাদির প্রথম ধাপের ছাদ ঢালাই উদ্বোধন এবং বিহার প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, বৌদ্ধ ধর্মীয় নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ভক্ত-অনুরাগীরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমাসহ অন্যান্য অতিথিরা।
ছাদ ঢালাই কাজের উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনার নির্মাণকাজের অগ্রগতিতে উপস্থিত ভক্ত ও অনুসারীরা সন্তোষ প্রকাশ করেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, বিশ্ব শান্তি বুদ্ধ ধাতু বোগোঃ জাদির নির্মাণকাজ সম্পন্ন হলে এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনা, প্রার্থনা ও সাধনার অন্যতম কেন্দ্র হয়ে উঠবে। পাশাপাশি এ স্থাপনা পার্বত্য চট্টগ্রামসহ দেশ-বিদেশে মৈত্রী, করুণা, অহিংসা ও বিশ্বশান্তির বাণী ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ধর্মীয় স্থাপনার নির্মাণকাজের পাশাপাশি বিহার প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তাও তুলে ধরে। 

জেএইচ

Link copied!