শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আহত নিষিদ্ধ আ‍‍`লীগ সমর্থক রাজশাহীতে আটক

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬, ১২:২৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আহত নিষিদ্ধ আ‍‍`লীগ সমর্থক রাজশাহীতে আটক

ছবি : দৈনিক মুক্তবাণী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে গুরুতর আহত মো. নাজমুল কবির নুরুল (৩২) কে রাজশাহী মহানগরীর একটি বাসা থেকে আটক করা হয়েছে। ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে তাকে নগরীর তেরোখাদিয়া এলাকার একটি বাড়ি থেকে  আহত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ​আটক নাজমুল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পার চৌকা এলাকার মো. ফাইজুদ্দিনের ছেলে। আজ শুক্রবার সকালে এসআরবি-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
​এসআরবি জানায়, গত ২৫ নভেম্বর দুপুরে শিবগঞ্জ উপজেলার একটি মাঠে ককটেল তৈরির চেষ্টা করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। টমাস নামের একব্যক্তি নিয়মিত ককটেল তৈরির সাথে সম্পৃক্ত ছিলেন এবং বিস্ফোরণে পারদর্শী ছিলেন। ঘটনার দিন দুপুরে তিনি নাজমুলকে ডেকে নিয়ে যান। ককটেল তৈরির সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই টমাস নিহত হন। 
​বিস্ফোরণের সময় পাশে থাকা নাজমুলের মাথা, হাত ও চোখে ককটেলের অংশ ছিটকে লেগে তিনি গুরুতর আহত হন। তবে গ্রেপ্তারের ভয়ে তিনি কোনো হাসপাতালে ভর্তি হননি। পরবর্তীতে তার স্ত্রী তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে রাজশাহীতে নিয়ে আসেন এবং বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা করান। এরপর নাজমুলকে আত্মগোপনে রাখার জন্য রাজশাহী মহানগরীর তেরখাদিয়া এলাকায় একটি বাসার ব্যবস্থা করেন এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। 
​গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি ও সিপিএসসি, এসআরবি-৫-এর একটি যৌথ অপারেশন দল রাজপাড়া থানাধীন তেরখাদিয়া পশ্চিম পাড়া (গ্রিন চিলির পেছনে) এলাকায় অভিযান চালায়। অভিযানকালে নাজমুলের অবস্থান শনাক্ত করে তাকে গুরুতর আহত অবস্থায় আটক করা হয়। পরে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 
​নাজমুলের স্ত্রী ও ফুপুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নাজমুল একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের রাজনীতির সাথে জড়িত থাকলেও বর্তমানে তার কোনো পদ-পদবি নেই। তারা আরো জানিয়েছে, সে নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক কিন্তু এখন তার পদ নাই।
​এসআরবি-৫ জানিয়েছে, এই বিস্ফোরণের ঘটনাটি আরও বিশদভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং এর সাথে আর কারা জড়িত, তা শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

জেএইচ

Link copied!