বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের জ্বালাও-পোড়াও রাজনীতির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ আবারও সহিংসতার মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়। দেশ, জাতি ও পুনরুদ্ধার হওয়া গণতন্ত্র রক্ষায় পেশাজীবীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান আমাদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। মানুষ এখন ভালো-মন্দ এবং ন্যায়-অন্যায়ের পার্থক্য বুঝতে শিখেছে। এই সুযোগ কাজে লাগিয়ে একজন আদর্শ পেশাজীবী হিসেবে নিজ নিজ কর্মক্ষেত্রের মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে পেশাজীবী ফোরাম খুলনা মহানগরীর উদ্যোগে আয়োজিত সহযোগী ও কর্মী সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহফুজুর রহমান বলেন, ফ্যাসিবাদী দুঃশাসনের সময় জামায়াতের জনশক্তিকে নিশ্চিহ্ন করতে নানা ধরনের অত্যাচার-নির্যাতন চালানো হয়েছে। হত্যা, গুম ও কারাবন্দী করা হয়েছে। কিন্তু নির্যাতন চালিয়েও তারা বিজয়ী হতে পারেনি। শেষ পর্যন্ত তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। মানুষ বুঝতে পেরেছে, কারা ন্যায় ও ইনসাফের পক্ষে রয়েছে। জনগণের প্রত্যাশা ও সমর্থন অর্জনে পেশাজীবীদের যথাযথ ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, পার্থিব জীবনের পর মানুষের অনন্ত জীবনের সূচনা হবে। সেই জীবনের কোনো শেষ নেই। তাই পরকালীন কল্যাণের জন্য দুনিয়ার জীবন থেকেই নেক আমল ও ভালো কাজের পুঁজি সংগ্রহ করতে হবে।
পেশাজীবী ফোরাম খুলনা মহানগরীর আমীর মো. আবু সালেহের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল এমপি, মহানগরীর সহকারী সেক্রেটারি ও পেশাজীবী থানার তত্ত্বাবধায়ক প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম এবং মহানগরী কর্মপরিষদ সদস্য ড. আবু রুবাবা।
পেশাজীবী থানার সেক্রেটারি মো. আব্দুল মান্নানের পরিচালনায় সম্মেলনে বক্তব্য দেন খুলনা জেলা ইমাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুস সউদ, পেশাজীবী থানার সাবেক সেক্রেটারি ডা. এহসানুল কবির, সহকারী সেক্রেটারি সোহেল রানা, কর্মপরিষদ সদস্য আব্দুর রাজ্জাক রানা, মাওলানা হুসাইন বিন আমজাদ, মনিরুল ইসলাম, কামাল হোসেন, আল আমিন আকাশ, শিক্ষক ফোরামের সভাপতি নজরুল ইসলাম নোমান, ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি তারেক বিপ্লব, পলিটেকনিক ফোরামের সভাপতি মুস্তাফিজুর রহমান ও আবুল কালাম।
আয়োজকরা জানান, পেশাজীবীদের মধ্যে ইসলামী মূল্যবোধ ও ঈমানি চেতনা জাগ্রত করা, পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা, নৈতিকতা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ইসলামী আন্দোলন, ঈমানের অপরিহার্য দাবি, পেশাগত জীবনে সেরাদের অনুসরণ এবং স্বাস্থ্য সচেতনতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্রিলিয়ান্ট ডিবেটিং ক্লাবের বিতর্ক প্রতিযোগিতা, ইসলামী সংগীত, নাশিদ, হামদসহ বিভিন্ন আয়োজন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলন পেশাজীবীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত উৎকর্ষ সাধনে ভূমিকা রাখবে।
