সুন্দরবনের জলদস্যুদের সহযোগী সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ডের এসআরবি-৬। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনার কয়রা উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় কথিত জলদস্যু দলের প্রধান ইয়াদ আলীপাড়কে বাড়িতে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কয়রা উপজেলার ৫ নম্বর কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাফিজুর রহমান (৩৭) ও আব্দুর রহিম (২৬) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই কয়রা এলাকার বাসিন্দা।
এসআরবি-৬ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হাফিজুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে পাড়পাড়া এলাকায় কথিত জলদস্যু দলনেতা ইয়াদ আলীপাড়ের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় দস্যুতার কাজে ব্যবহৃত চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি এবং ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের দাবি, হাফিজুর রহমান অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে সুন্দরবনের জলদস্যুদের সহযোগিতা করতেন। অন্যদিকে আব্দুর রহিম দস্যুদের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় রসদ সরবরাহের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ও গতিবিধি সম্পর্কে তথ্য দিয়ে তাঁদের সহায়তা করতেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার দুজনকে কয়রা থানায় হস্তান্তর করা হবে। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
