বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।
রোববার পরিচালনা পর্ষদ এ ঘোষণা দেয়।
এর আগে হুয়াং পর্ষদকে জানিয়েছিলেন, এক ব্যবসায়ী নির্বাহীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ওই নারীকে বেইজিংয়ের হয়ে তথ্য সংগ্রহকারী হিসেবে শনাক্ত করেছিল।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) হাতে আসা এনভিডিয়ার কর্মীদের উদ্দেশে লেখা এক চিঠিতে হুয়াং স্বীকার করেছেন, তিনি স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এ জন্য পরিবারের সদস্য ও সহকর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন।
নিজের কাজের ‘পূর্ণ দায়ভার’ নিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।
চিঠিতে হুয়াং লেখেন, ‘এনভিডিয়ার নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ।
আপনাদের সেবা করা এবং আপনাদের আস্থার যোগ্য হয়ে ওঠাই আমার দায়িত্ব। আমি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি।’
এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, জাতীয় নিরাপত্তা কিংবা প্রতিষ্ঠানটির গোপনীয় তথ্যের কোনো ক্ষতি হয়েছে বলে বিশ্বাস করার কারণ তাদের নেই। তবে তদন্তে সব ধরনের প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হবে। হুয়াং এই পর্যালোচনাকে ‘পূর্ণ সমর্থন’ জানিয়েছেন এবং তদন্তে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানায় পর্ষদ।
৬৩ বছর বয়সী হুয়াং তদন্ত চলাকালে সিইও পদে বহাল থাকবেন।
প্রতিষ্ঠানটির মুখপাত্র জন রিজো এক বিবৃতিতে বলেন, ‘আজকের খবর এনভিডিয়ার অগ্রযাত্রা থামাতে পারবে না। জেনসেন কোনো বিরতি ছাড়াই সিইও হিসেবে প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি উন্নয়নের বৈশ্বিক প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে এনভিডিয়া। প্রতিষ্ঠানটির তৈরি চিপ ব্যবহার করে এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনার জন্য প্রয়োজনীয় বহু ডেটা সেন্টার এবং কম্পিউটিং ব্যবস্থা চলে। চীনের অত্যাধুনিক সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে প্রবেশাধিকার সীমিত করতে যুক্তরাষ্ট্রের আরোপ করা রপ্তানি নিষেধাজ্ঞারও অন্যতম কেন্দ্রে রয়েছে এনভিডিয়ার উন্নত প্রসেসর।
গত মাসে ‘দ্য নিউইয়র্ক টাইমস’ জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো জানতে পেরেছে, হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াং নামের এক চীনা নাগরিক ও চিপ ক্রেতার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, ওই নারী সরাসরি বেইজিংয়ের কাছে তথ্য সরবরাহ করছিলেন। পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী, তাদের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক নেই।
