তীব্র গ্যাস সংকটে পড়তে যাচ্ছে পুরো বিশ্ব। একদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বাধা, অন্যদিকে শীত মৌসুমে গ্যাসের বাড়তি চাহিদা। সব মিলিয়ে বিশ্ববাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ কমার পূর্বাভাস দেয়া হচ্ছে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বলছে, হরমুজের কারণে চলতি বছরের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে এলএনজি সরবরাহ আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে ৬ হাজার কোটি ঘনমিটার। এতে বিশ্বে এলএনজি উৎপাদন কমেছে ৫ শতাংশ।
গ্যাস সংকটের ভয়াবহতা আরও স্পষ্ট হয়েছে কাতারের জ্বালানি আমদানিতে। বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি রপ্তানিকারক দেশটি এখন যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের ভেনচার গ্লোবাল ও তাদের গ্রাহকদের কাছ থেকে ৩৩টি এলএনজি কার্গো কিনেছে কাতার এনার্জি। এসব কার্গোর মোট মূল্য প্রায় ১০০ কোটি ডলার।
এলএনজি ঘাটতি সামাল দিতে এখন ভরসা উত্তর আমেরিকার। এই অঞ্চল থেকে শীত মৌসুমে ১৮শ’ থেকে ৩শ’ কোটি ঘনমিটার গ্যাস আসতে পারে। কিন্তু বাড়তি এই গ্যাস দিয়েও কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সরবরাহ ঘাটতি পুরোপুরি পূরণ করা যাবে না।
এর সঙ্গে যুক্ত হয়েছে ইউরোপের গ্যাসের মজুত। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের গ্যাসের মজুত ২০১৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে। শীতকালে গ্যাসের চাহিদা মেটাতে ইউরোপকে আগের চেয়ে বেশি এলএনজি আমদানির ওপর নির্ভর করতে হবে।
এতে গ্যাস কেনার জন্য ইউরোপের সঙ্গে এশিয়া ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর প্রতিযোগিতা বাড়তে পারে। যার ফলে বিশ্ববাজারে গ্যাসের দাম বৃদ্ধি এবং ২০২৭ সাল পর্যন্ত জ্বালানি বাজারে চাপ অব্যাহত থাকার আশঙ্কা করা হচ্ছে।
