বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
কুমিল্লায় ট্রেন লাইচ্যুত

২৪ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬, ০৪:৫৮ পিএম

২৪ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

কুমিল্লায় ট্রেন লাইচ্যুতের ২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথের আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে উদ্ধারকাজ শেষ হয়।
পরে রেললাইন মেরামতের কাজ শেষে দুপুর ১২টা ২০ মিনিটে দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন ও বগিগুলো লাকসাম রেলওয়ে জংশনে নিয়ে আসা হয়। এর পর আপলাইনে ট্রেইন চলাচল শুরু হয়। এতে চট্টগ্রামের সঙ্গে রাজধানীর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. ওমর ফারুক ভূঁইয়া এ তথ্যটি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী ট্রেনটি নাঙ্গলকোটের নাওটি ও লাকসাম উপজেলার আজগরা এলাকার মাঝামাঝি স্থানে লাইনচ্যুত হয়। এতে ইঞ্জিনসহ চারটি বগির চাকা লাইন থেকে ছিটকে পড়ে যায়। এতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হন। পরে তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে চলে যান।

এদিকে, দুর্ঘটনার পাঁচ ঘণ্টা পর বুধবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করে। দায়িত্বে গাফিলতির অভিযোগে রেলওয়ের ফেনীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ট্রেন লাইনচ্যুতের সঠিক কারণ জানতে রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগীয় প্রকৌশলী আবু ইমতিয়াজ রাফি, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী আবদুল্লাহ আল মাসুদ ও বিভাগীয় সিগন্যাল ও টেলিযোগাযোগ প্রকৌশলী আশিকুর রহমান।

রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ও তদন্ত কমিটির প্রধান ফারহান মাহমুদ বলেন, ‘দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
এ ঘটনায় যাদের দায় পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে রেলওয়ের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জে/এইচ

Link copied!