গোলের পর গোল করে ছুটে চলেছেন হ্যারি কেইন। এবার আর্সেনালের বিপক্ষে পেনাল্টি থেকে জাল কাঁপিয়ে পেছনে ফেললেন রবের্ত লেভানদোভস্কি ও রুড ফন নিস্তলরয়কে।
চ্যাম্পিয়ন্স লিগে টানা ১০ ম্যাচে গোল করে নতুন উচ্চতায় পৌঁছালেন ইংল্যান্ড অধিনায়ক। সামনে এখন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো।
পর্তুগিজ মহাতারকার রেকর্ড স্পর্শ করতে কেইনের প্রয়োজন আর মাত্র এক ম্যাচে গোল।
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ম্যাচে আর্সেনালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ।
দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে নিয়েছিলেন কেইন। তবে ৮২তম মিনিটে ডেকলান রাইসের গোলে সমতায় ফেরে গতবারের রানার্সআপ আর্সেনাল।
দলের জয় হাতছাড়া হলেও ব্যক্তিগত অর্জনে স্মরণীয় এক রাত কাটিয়েছেন কেইন।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে টানা ১০ ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার।
এর আগে ৯ ম্যাচে গোল করার কীর্তি ছিল লেভানদোভস্কি ও নিস্তলরয়ের। ২০০২-০৩ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে টানা ৯ ম্যাচে গোল করেছিলেন ডাচ স্ট্রাইকার নিস্তলরয়।
লেভানদোভস্কি একই কীর্তি গড়েছিলেন দুইবার। ২০১৯-২০ মৌসুমে বায়ার্নের হয়ে টানা ৯ ম্যাচে গোল করার পর ২০২০-২১ মৌসুমেও একই ধারাবাহিকতা ধরে রেখেছিলেন পোলিশ ফরোয়ার্ড।
তাদের দুজনকেই ছাড়িয়ে গেলেন কেইন।
তবে এই তালিকায় এখনও সবার ওপরে রোনালদো। রিয়াল মাদ্রিদের হয়ে টানা ১১ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে গোল করার রেকর্ড রয়েছে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকার।
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল থেকে শুরু হয়েছিল রোনালদোর সেই অবিশ্বাস্য যাত্রা। জুভেন্টাসের বিপক্ষে রিয়ালের ৪-১ গোলের জয়ে দুটি গোল করেছিলেন তিনি।
পরের মৌসুমে গ্রুপ পর্বের ছয় ম্যাচের সবকটিতে গোল করেন রোনালদো। এরপর শেষ ষোলোয় পিএসজি এবং কোয়ার্টার-ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে দুই লেগেই জালের দেখা পান তিনি।
টানা ১১ ম্যাচে মোট ১৭ গোল করেছিলেন পর্তুগিজ মহাতারকা।
২০১৭ সালের জুন থেকে ২০১৮ সালের এপ্রিল পর্যন্ত গড়া সেই রেকর্ড এখনও অক্ষত।
এবার সেটি স্পর্শ করার সুযোগ কেইনের সামনে।
আর্সেনালের বিপক্ষে গোলটি অবশ্য শুধু চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ডের কারণেই বিশেষ নয়। ইংলিশ ক্লাবটির বিপক্ষেও কেইনের দুর্দান্ত গোল করার ধারা অব্যাহত থাকল।
সাবেক টটেনহ্যাম স্ট্রাইকারের আর্সেনালের বিপক্ষে এটি ১৬তম গোল।
ম্যাচের শুরুতে অবশ্য পিছিয়ে পড়েছিল বায়ার্ন। ২৫তম মিনিটে এবেরেচি এজের গোলে এগিয়ে যায় আর্সেনাল।
দশ মিনিট পর কেইনের দারুণ পাস থেকে আলফোনসো ডেভিসের গোলে সমতায় ফেরে জার্মান চ্যাম্পিয়নরা।
বিরতির পর ইউরিয়েন টিম্বারের হাতে বল লাগলে পেনাল্টি পায় বায়ার্ন। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডও গড়েন কেইন।
তবে শেষ পর্যন্ত সেই গোল বায়ার্নকে জেতাতে পারেনি। ভিক্টর ইয়োকেরেসের পাস থেকে রাইসের গোলে সমতায় ফেরে মিকেল আর্তেতার দল।
চ্যাম্পিয়ন্স লিগে টানা ম্যাচে গোল করার তালিকায় অবশ্য এখন রোনালদোর ঠিক পেছনেই কেইন।
চ্যাম্পিয়ন্স লিগে টানা ম্যাচে গোলের রেকর্ড:
১১ ম্যাচ | ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ, ২০১৭-১৮)
১০ ম্যাচ | হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ, ২০২৬-চলমান)
৯ ম্যাচ | রুড ফন নিস্তলরয় (ম্যানচেস্টার ইউনাইটেড, ২০০২-০৩)
৯ ম্যাচ | রবের্ত লেভানদোভস্কি (বায়ার্ন মিউনিখ, ২০১৯-২০)
৯ ম্যাচ | রবের্ত লেভানদোভস্কি (বায়ার্ন মিউনিখ, ২০২০-২১)
৮ ম্যাচ | ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ, ২০১৩-১৪)
আগামী ৩ নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের মাঠে খেলবে বায়ার্ন। সেই ম্যাচে গোল করতে পারলেই রোনালদোর রেকর্ডে ভাগ বসাবেন কেইন। আর পরের ম্যাচেও গোলের ধারা ধরে রাখতে পারলে রোনালদোকে ছাড়িয়ে এককভাবে রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগ পাবেন ইংল্যান্ড অধিনায়ক।
