`ডিসেম্বরেই শেখ হাসিনার ফেরার ব্যাপারে অনড় আওয়ামী লীগ`
ডেইলি টাইমস অব বাংলাদেশের শিরোনাম `AL STILL VOWS DECEMBER RETURN` অর্থাৎ `ডিসেম্বরেই শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে অনড় আওয়ামী লীগ`।
খবরে বলা হচ্ছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে সরকার। কিন্তু তার দল আওয়ামী লীগ তাকে ডিসেম্বরে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে অনড় অবস্থানে।
হাসিনার পক্ষে ব্রিটিশ ল ফার্ম `ম্যাট্রিক্স চেম্বার্স`-এর মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জমা দেওয়া এই অনুরোধটি তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।
বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনার আরও একটি ক্ষেত্র তৈরি হয়েছে।
এ পদক্ষেপকে সম্ভবত আওয়ামী লীগের একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। যার লক্ষ্য হলো হাসিনার প্রত্যাবর্তনকে একটি জনসংশ্লিষ্ট ও কূটনৈতিক ইস্যুতে পরিণত করার মাধ্যমে বিএনপির ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করা।
সরকারের অবস্থান সত্ত্বেও, আওয়ামী লীগের কয়েকজন নেতা জানিয়েছেন ডিসেম্বরে হাসিনার ফিরে আসার প্রস্তুতি চলছে।
তাদের দাবি, দলের নেতা-কর্মীদের নভেম্বরের মধ্যে কলকাতায় জড়ো হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তার ফিরে আসাকে কেন্দ্র করে পরিকল্পিত কর্মসূচিতে তারা অংশ নিতে পারেন।
আওয়ামী লীগ নেতাদের ভাষ্যমতে, ঢাকা অনুরোধের জবাব না দিলে ল ফার্মটি একটি ফলোআপ নোটিশ পাঠাবে।
আওয়ামী লীগ নেতাদের ভাষ্যমতে, ঢাকা যদি এই অনুরোধের জবাব না দেয়, তবে ল ফার্মটি পরবর্তী নোটিশ পাঠাবে। সরকার যদি কোনো সাড়া না দেয়, তবে হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করতে পারেন।
`উত্তাপ বাড়ছে, সংঘাতের শঙ্কা` আজকের পত্রিকার শিরোনাম।
খবরে বলা হচ্ছে, রাজধানী ও আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরে বাসে আগুন দেওয়া হচ্ছে। মাঝেমধ্যে ঘটছে ককটেল বিস্ফোরণ।
এরই মধ্যে খবর এল, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন।
আগামী ডিসেম্বরে তাঁর দেশে ফেরার গুঞ্জন এবং তার আগে আগুন-ককটেলের ঘটনায় রাজনীতিতে একধরনের উত্তাপ অনুভূত হচ্ছে।
এই পরিস্থিতিতে সরকারকে সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাঁদের আশঙ্কা, বিষয়টি নিয়ে রাজনৈতিক পক্ষগুলোর পাল্টাপাল্টি অবস্থান পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়নি।
গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকলেও তা মূলত বক্তব্য, সংসদীয় বিতর্ক ও শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
যদিও সংস্কার ইস্যুতে বিরোধী দল সাম্প্রতিক সময়ে তাদের কর্মসূচি জোরদার করেছে এবং দাবি আদায়ে গলার সুর চড়িয়ে হুমকির পর্যায়ে নিয়ে গেছে।
`দিল্লিতে শেখ হাসিনার পাসপোর্টের `আবেদন` ঢাকার না` মানবজমিনের শিরোনাম।
খবরে বলা হচ্ছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হয়েছে। গতকাল ই-মেইলের মাধ্যমে অনুরোধটি পাঠানো হয়।
অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে লন্ডনভিত্তিক ল` ফার্ম (আইনি প্রতিষ্ঠান) ম্যাট্রিক্স চেম্বার্স। দাবি করা হচ্ছে চিঠিটি শেখ হাসিনার। তবে এ নিয়ে সংশয় প্রকাশ করেছে খোদ বাংলাদেশ হাইকমিশন।
দিল্লির একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, তাদের কাছে ম্যাট্রিক্স চেম্বার্সের তরফে একটি চিঠি এসেছে। যেখানে পলাতক শেখ হাসিনার পাসপোর্ট এবং এনআইডি ইস্যু করার অনুরোধ রয়েছে। কিন্তু চিঠিটি যে শেখ হাসিনার তা নিশ্চিত হওয়া যায়নি।
কেননা, চিঠিতে হাসিনার অনুমোদনের (অথরাইজেশন) কোনো প্রমাণ নেই। চিঠিটি গতকালই ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রথম এই চিঠির খবর প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সরাসরি পাসপোর্ট ও এনআইডি দেয়ার বিষয়টি নাকচ করে দিয়েছেন। গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, পলাতক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেয়া হবে না।
একইসঙ্গে ভারতের প্রতি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়টি উল্লেখ করেছেন।
`হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদন নিয়ে ধূম্রজাল` নয়াদিগন্তের শিরোনাম।
খবরে বলা হচ্ছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বাংলাদেশী পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর ঘিরে নতুন করে আইনি ও কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে।
তবে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, শেখ হাসিনা নিজে কোনো আবেদন করেননি। যুক্তরাজ্যভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠান থেকে তার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। ওই ই-মেইলের সাথে শেখ হাসিনার অনুমোদন বা আইনজীবীদের পক্ষে কাজ করার ক্ষমতাপত্র (অথরাইজেশন) সংযুক্ত ছিল না।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনার দেশে ফেরা এবং তার পাসপোর্ট-এনআইডি সংক্রান্ত আইনি অবস্থান নিয়ে আজ মঙ্গলবার আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়া হবে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আবেদনটির সত্যতা, আইনগত ভিত্তি এবং আবেদন করার অধিকার আছে কি না, তা পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে।
সব মিলিয়ে বিষয়টি এখন তিনটি পৃথক প্রশ্নের সাথে যুক্ত হয়েছে- শেখ হাসিনা আদৌ ব্যক্তিগতভাবে আবেদন করেছেন কি না, তার নামে পাঠানো অনুরোধের আইনগত গ্রহণযোগ্যতা কতটুকু এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তার দেশে ফেরা ও আত্মসমর্পণের ক্ষেত্রে কী ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
`ডিসেম্বর ঘিরে রাজনীতির নতুন হিসাব: সতর্ক সরকার, রাজপথে থাকবে বিএনপি` কালের কণ্ঠের শিরোনাম।
খবরে বলা হচ্ছে, ডিসেম্বর ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। বিজয়ের মাসে ক্ষমতাসীন বিএনপি সরকার পরিচালনার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সম্ভাব্য অস্থিরতা মোকাবেলায় সতর্ক অবস্থান নিচ্ছে।
সাংগঠনিক পুনর্গঠন, তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় করা এবং দীর্ঘদিনের রাজনৈতিক শরিকদের সঙ্গে দূরত্ব কমানোরও উদ্যোগ নিয়েছে দলটি। একই সময় জামায়াত, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিরোধী দলগুলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে রাজপথে সক্রিয় থাকার প্রস্তুতি নিচ্ছে।
সব মিলিয়ে ডিসেম্বরের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে রয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, স্থানীয় সরকার নির্বাচন এবং রাজনৈতিক শরিকদের সঙ্গে সমঝোতার উদ্যোগ।
বিএনপির দায়িত্বশীল নেতারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন `ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম` মোকাবেলায়। এ ক্ষেত্রে বর্তমান বিরোধীদের ভূমিকা নজরদারিতে রাখা হবে।
বিএনপির একাধিক নেতা কালের কণ্ঠকে বলেন, বিরোধী দলের রাজনৈতিক ভূমিকা থাকতে হবে। কিন্তু তারা যদি ফ্যাসিবাদকে আশ্রয়-প্রশ্রয় দেয়, এটা কখনোই গ্রহণযোগ্য হবে না। জাতি মেনে নেবে না।
`বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত` যুগান্তরের শিরোনাম।
খবরে বলা হচ্ছে, সংবিধান সংশোধনসহ নানা ইস্যুতে বিএনপির সঙ্গে বিভেদ রয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপির (জাতীয় নাগরিক পার্টি)। কিন্তু ক্ষমতাসীন ও ক্ষমতার বাইরে থাকা এ তিন দলই আবার চায় না গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসুক।
ফলে পারস্পরিক বৈরী অবস্থানের মধ্যেও শেখ হাসিনার ঘোষিত ডিসেম্বরকেন্দ্রিক তৎপরতার দিকে নজর রাখছে তিন দলই। প্রয়োজন হলে তারা কর্মসূচিও দেবে।
তবে ফ্যাসিবাদবিরোধী এ দলগুলোর সঙ্গে আলাপ করে জানা যায়, এখন পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের কর্মকাণ্ড ও তৎপরতায় তারা বিশ্বাস করছে না যে ডিসেম্বরে হাসিনা ফিরে আসবেন।
ফলে বক্তব্য-বিবৃতিতে হাসিনা প্রসঙ্গে কথা বললেও তার প্রত্যাবর্তন ঠেকাতে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়ার চিন্তা করেনি তারা। তবে ডিসেম্বরের আগে পরিস্থিতি খারাপ হলে পদক্ষেপ বা কর্মসূচি নেওয়ার চিন্তা করবে দলগুলো।
ডিসেম্বর ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে হাসিনাকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও গুঞ্জন বাড়ছে। তবে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিএনপি। দলটির নেতাদের স্পষ্ট বক্তব্য—হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইনে তার বিচার হবে।
`পাইপলাইনে বাইরে আসবে ভোলার গ্যাস` প্রথম আলোর শিরোনাম।
খবরে বলা হচ্ছে, ভোলার অব্যবহৃত গ্যাস ব্যবহার করা নিয়ে বিভিন্ন সময় নানা রকম পরিকল্পনা নিয়েছে গত দুটি সরকার। এ সরকারের সময়েও দুটি ভিন্ন চিন্তা দেখা গেছে। এবার পাইপলাইনে করে তোলার গ্যাস জেলার বাইরে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ভোলা থেকে বরিশাল হয়ে খুলনায় গিয়ে জাতীয় গ্যাস সঞ্চালন লাইনের সঙ্গে যুক্ত হবে এ গাইপলাইন। এতে দেশে গ্যাস সরবরাহ বাড়বে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্র বলছে, ভোলায় গ্যাসের মজুত, চাহিদা, উৎপাদন ও ভবিষ্যতে গ্যাস প্রাপ্তির সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল সোমবার বৈঠক করেছে জ্বালানি বিভাগগ।
আইএসও ট্যাংকার বা সিলিন্ডারে ভরে গ্যাস আনার চেয়ে পাইপলাইন বেশি কার্যকর হতে পারে। সবার মতামত বিবেচনা করে ওই বৈঠকেই পাইপলাইন নির্মাণের সম্মতি দেন প্রধানমন্ত্রী।
এর আগে গত আওয়ামী লীগ সরকারের সময় পাইপলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও সেটি এগোয়নি। বরং ভোলার গ্যাস কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) করে সিলিন্ডারে ভরে ঢাকায় আনা শুরু হয়। যদিও মাত্র একটি বেসরকারি কোম্পানিকে সুবিধাটি দেওয়া হয়েছিল। ফলে যে পরিমাণ আনার কথা, তা আনা যায়নি। গত অন্তর্বর্তী সরকারের সময় অরণীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) করে আনার
প্রক্রিয়া শুরু হয়। এর পাশাপাশি ভোলার গ্যাস কাজে লাগিয়ে জেলাটিতে শিল্পকারখানা, সরকারি সার কারখানা ও বিশেষ শিল্পাঞ্চল তৈরির উদ্যোগ নেওয়া হয়।
দ্য ডেইলি স্টারের শিরোনাম `Bangladesh in debt for others` climate crimes` অর্থাৎ `অন্যদের জলবায়ু অপরাধের কারণে বাংলাদেশ ঋণের ভারে জর্জরিত।`
খবরে বলা হচ্ছে, প্যারিস চুক্তিতে জলবায়ু-ঝুঁকিতে থাকা দেশগুলোকে সহায়তার প্রতিশ্রুতি দেওয়ার এক দশক পর বাংলাদেশ এখন ঋণের ভারে ক্রমশ জর্জরিত হয়ে পড়ছে।
এর কারণ নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য প্রয়োজনীয় অর্থায়নের বড় অংশই অনুদানের পরিবর্তে ঋণ হিসেবে নেওয়া হচ্ছে। ঢাকাভিত্তিক থিঙ্ক ট্যাংক `চেঞ্জ ইনিশিয়েটিভ` (সিআই)-এর গত সপ্তাহে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী, ২০০২ থেকে ২০২৩ সালের মধ্যে জ্বালানি খাতে বাংলাদেশ যে জলবায়ু অর্থায়ন পেয়েছে, তার ৯০ শতাংশেরও বেশি এসেছে ঋণ হিসেবে।
গবেষকদের মতে, এই প্রবণতার কারণে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বিশ্বের অন্যতম শীর্ষ দেশটিকে এমন একটি সংকট মোকাবিলায় বিপুল পরিমাণ ঋণ নিতে বাধ্য হতে হচ্ছে, যে সংকট তৈরিতে তাদের ভূমিকা ছিল নগণ্য।
গবেষণায় দেখা গেছে, উল্লিখিত সময়ে বাংলাদেশ জ্বালানি খাতে জলবায়ু অর্থায়ন হিসেবে প্রায় ২.৫৪ বিলিয়ন ডলার পেয়েছে। এর মধ্যে ৯২ শতাংশ—অর্থাৎ প্রায় ২.৩৪ বিলিয়ন ডলার—এসেছে ঋণ হিসেবে, আর অনুদান হিসেবে পাওয়া গেছে মাত্র ৮ শতাংশ বা প্রায় ২০৩ মিলিয়ন ডলার।
`পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা পার্বত্যাঞ্চলে কম` সমকালের শিরোনাম।
খবরে বলা হচ্ছে, চোরাকারবারিরা বিভিন্ন সময়ে নতুন নতুন মাদক এনে দেশের আনাচে-কানাচে ছড়িয়ে দিচ্ছে। এভাবে গত ৯ বছরে দেশে অন্তত ১১ ধরনের নতুন মাদক এসেছে। মাদকের বিবর্তনের সঙ্গে বদলেছে সেবনের প্রবণতাও।
বর্তমানে দেশে পাঁচ ধরনের মাদকের প্রচলন বেশি- ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেনসিডিল, ট্যাপেন্টাডলসহ বিভিন্ন ধরনের ট্যাবলেট বা বড়ি। গত ৯ মাসের অভিযান, মামলা ও মাদকদ্রব্য উদ্ধারের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এই পাঁচ ধরনের মাদকের শীর্ষে রয়েছে পাঁচটি জেলা।
সবচেয়ে বেশি ইয়াবা জব্দের ঘটনা ঘটেছে কক্সবাজারে; হেরোইন বেশি চাঁপাইনবাবগঞ্জে; কুমিল্লায় গাঁজা; ফেনসিডিল বেশি নারায়ণগঞ্জে; যশোরে বেশি ট্যাবলেট। তবে পার্বত্যাঞ্চলে মাদক জব্দের ঘটনা কম।
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মাদকবিষয়ক ৪২ হাজার ৮৪৮টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৫৮ হাজার ৮১৭ জনকে।
`ভ্যাট প্রবর্তনের পর সাড়ে তিন দশকে এনবিআরে আর বড় কোনো সংস্কার হয়নি` বণিক বার্তার শিরোনাম।
খবরে বলা হচ্ছে, দেশে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থা চালুর পর পেরিয়েছে সাড়ে তিন দশকেরও বেশি সময়। রাজস্ব ব্যবস্থাপনায় এটিকে এখন পর্যন্ত সবচেয়ে বড় কাঠামোগত সংস্কার হিসেবে বিবেচনা করা হয়। এরপর ভ্যাট আইন প্রণয়ন, আয়কর আইন সংশোধন ও রাজস্ব প্রশাসন আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ নেয়া হলেও বেশির ভাগই প্রত্যাশিত সুফল বয়ে আনতে পারেনি।
করনীতি প্রণয়ন ও বাস্তবায়নের মধ্যে সমন্বয়হীনতা, প্রশাসনিক জটিলতা, অটোমেশন কার্যক্রমে ধীরগতি এবং প্রভাবশালী মহলের হস্তক্ষেপে রাজস্ব ব্যবস্থাপনায় আসেনি কাঙ্ক্ষিত পরিবর্তন। ফলে অর্থনীতির আকার ও কর্মকাণ্ড বাড়লেও সে অনুপাতে রাজস্ব আহরণে সক্ষমতা বাড়াতে পারছে না সরকার। দীর্ঘদিনের এ দুর্বলতা এখন সরকারের অর্থ সংকটকেও আরো প্রকট করে তুলছে।
রাজস্ব আহরণের এ দুর্বলতার পেছনে অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতার পাশাপাশি দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সমস্যাকে দায়ী করছেন অর্থনীতিবিদ ও সাবেক রাজস্ব কর্মকর্তারা।
তাদের মতে, ১৯৯১ সালে ভ্যাট ব্যবস্থা প্রবর্তনের পর জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বড় ধরনের কোনো কাঠামোগত সংস্কার হয়নি। এখনো ঔপনিবেশিক আমলে গড়ে ওঠা ভৌগোলিক প্রশাসনিক কাঠামোর ওপর ভিত্তি করেই পরিচালিত হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনা।
