নোয়াখালী জেলা শহর মাইজদী বালিকা বিদ্যানিকেতনে এস এস সি জিপিএ-৫ ও জেএসসি বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে বিদ্যালয়ের হলরুমে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং ২০২৫ সালের জেএসসি বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
এ বছর মাইজদী বালিকা বিদ্যানিকেতন থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৭ জন এবং জেএসসি বৃত্তিপ্রাপ্ত ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।
যুবদলের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি নুরুল আমিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা, প্রফেসর কাজী মুহাম্মদ রফিক উল্যাহ, নোয়াখালী জেলা শিক্ষা অফিসার প্রফেসর মোঃ আবুল কাশেম,
প্রধান শিক্ষক, মাইজদী বালিকা বিদ্যানিকেতন রোকেয়া সুলতানাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে জীবনে সফলতা অর্জনে অধ্যবসায়, সময়ের সঠিক ব্যবহার ও নিয়মিত পড়াশোনার ওপর গুরুত্বারোপ করেন।
