আর্থিক সংকটে পড়াশোনা বন্ধ হওয়ার আশঙ্কায় অভিমান করে বাড়ি ছেড়ে যাওয়া ১৩ বছর বয়সী স্কুলছাত্রী মিনা চাকমার পাশে দাঁড়িয়েছে মহালছড়ি সেনা জোন। রোববার (৪ অক্টোবর) বিকেলে মহালছড়ির ৩ নম্বর ক্যায়াংঘাট ইউনিয়নের করল্যাছড়ি মুখ এলাকায় মিনার বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা সহায়তা দেন সেনা জোনের প্রতিনিধিরা। একই সঙ্গে মিনার পড়াশোনার যাবতীয় খরচ বহনের ঘোষণা দেওয়া হয়। পরিবারের আর্থিক স্বচ্ছলতার জন্য পরবর্তীতে দুটি ছাগল দেওয়ার কথাও জানানো হয়েছে।
মিনা চাকমা মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার স্বপ্ন ভবিষ্যতে ডাক্তার হওয়া। আর্থিক সংকটের কারণে পড়াশোনা চালিয়ে যেতে না পারার আশঙ্কায় গত ২১ সেপ্টেম্বর অভিমান করে সে বাড়ি থেকে চলে যায়। পরে বিষয়টি জানতে পেরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে মহালছড়ি সেনা জোন।
এ সময় সেনা জোনের প্রতিনিধি ক্যাপ্টেন তাহমিদ সামিন, ইউপি চেয়ারম্যান রুপেন্ধু দেওয়ান, ইউপি সদস্য হেমন্ত বিকাশ চাকমা ও স্থানীয় কার্বারীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
