শিক্ষার্থীদের ব্যবসায়িক জ্ঞান, সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও উদ্যোক্তা-মানসিকতা বিকাশের লক্ষ্যে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে দুই দিনব্যাপী ‘বিজনেস কার্নিভাল-২৬’ অনুষ্ঠিত হয়েছে। ৭ ও ৮ অক্টোবর আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন ব্যবসায়িক ও অর্থনৈতিক কার্যক্রম, উপস্থাপনা এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
কার্নিভালে ‘মাইন্ড টু মাইন্ড’ কার্যক্রমের আওতায় ব্যবসায় ডিজিটাল প্রেজেন্টেশনের ধারণাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি ‘বীজফেস্ট’-এর আওতায় ইকোনমিকস অলিম্পিয়াড, বিজনেস অলিম্পিয়াড ও অ্যাকাউন্টিং অলিম্পিয়াডের আয়োজন করা হয়।
‘আগামীর নেতৃত্ব নিশ্চিতকরণে ঐক্য ও শিক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. মাহবুব-উল-আলম, ওএসপি, এসজিপি, এনডিপি, পিএসসি (অব.)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানারাত ট্রাস্টের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশ প্রধান সারওয়াত রেজা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব ব্যবসায়িক জ্ঞান অর্জন, সামাজিক সমস্যা চিহ্নিতকরণ এবং কার্যকর সমাধান খুঁজে বের করার দক্ষতা গড়ে তোলা প্রয়োজন। ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে দলগত কাজ, যোগাযোগ ও উপস্থাপনা-দক্ষতা বাড়ানোর পাশাপাশি পারস্পরিক যোগাযোগের নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষেত্রেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দুই দিনব্যাপী এ কার্নিভালে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের দুই উপাধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
