যশোর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে সাততলাবিশিষ্ট ৪৮টি ফ্ল্যাটের একটি আবাসিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (৯অক্টোবর ২৬) সকাল সাড়ে ১০টার দিকে যশোর শহরের মণিহার সিনেমা হল রোড সংলগ্ন পুরাতন খুলনা বাসস্ট্যান্ড এলাকায় ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত (এমপি)।
‘পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ ভবনটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে যশোর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য উন্নত আবাসন সুবিধা নিশ্চিত হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি সযৈদ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “পরিচ্ছন্নতা কর্মীরা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের আবাসন সমস্যা সমাধান এবং জীবনযাত্রার মান উন্নয়নে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সুবিধা উন্নত হবে এবং তাঁদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।”
