গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারি ও চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছে মারুফ হোসেন (৩০)নামে স্থানীয় এক সাংবাদিক। তিনি দৈনিক ইনকিলাবের মাল্টিমিডিয়া টঙ্গী প্রতিনিধি।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল নয়টার দিকে টঙ্গীর এরশাদ নগর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সাংবাদিক মারুফ হোসেন তথ্য সংগ্রহের জন্য সকালে এরশাদনগর বেড়িবাঁধ এলাকায় যান। এ সময় আগে থেকে ওৎপেতে থাকা চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী মোঃ সোহান (৩০), মোঃ সেলিম (৫৫) ও হাসানসহ (২৫) তাদের সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
তার ডাক চিৎকারে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সন্ত্রাসীদেরকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
