বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পানিতে ডুবে প্রান গেল বাহুবলের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ০৫:০৯ পিএম

পানিতে ডুবে প্রান গেল বাহুবলের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের

 হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে মারা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীল। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাত্র ৩ বছর ৩ মাস বয়সী শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

দ্বীপ বাহুবল উপজেলার নারিকেলতলা গ্রামের বাসিন্দা বিজয় শীলের একমাত্র ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে দ্বীপকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর ২টা ৩৫ মিনিটে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ পাওয়া যায়।

দ্বীপের কাকা বিপ্লব শীল নিউ ভিশন কেজি অ্যান্ড হাইস্কুলের সহকারী শিক্ষক। পাশাপাশি তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর। কয়েক মাস ধরে কাকার সঙ্গে বিভিন্ন সৃজনশীল ভিডিওতে অংশ নিত দ্বীপ। এসব ভিডিওর মাধ্যমে অল্প সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পায় শিশুটি। তার উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত আচরণ দর্শকদের আকৃষ্ট করেছিল।

দ্বীপের মৃত্যুর খবর কাকা বিপ্লব শীলও তার সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে প্রকাশ করেন। খবরটি ছড়িয়ে পড়ার পর সেখানে শোক প্রকাশ করেন অসংখ্য মানুষ। ছোট্ট দ্বীপের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি ও ভালোবাসার কথা জানিয়ে মন্তব্য করেন অনেকে।

মাত্র তিন বছর বয়সেই সামাজিক যোগাযোগমাধ্যমে বহু মানুষের ভালোবাসা পাওয়া শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে শোকাহত পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

জে/এইচ

Link copied!