বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪৫ জন

হবিগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ৮০

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ১০:১৩ পিএম

হবিগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ৮০

হবিগঞ্জ শহরতলির বহুলা এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ৪৫ জন হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বুধবার সকালে একটি বেওয়ারিশ কুকুর বহুলা এলাকার বিভিন্ন স্থানে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের কামড়ায়। এতে বিভিন্ন বয়সী মানুষ আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।

হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মুমিনউদ্দিন চৌধুরী বলেন, বুধবার দুপুর পর্যন্ত কুকুরের কামড়ে আহত ৪৫ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে ২৫ জন নারী এবং কয়েকজন শিশু রয়েছে। আহত ব্যক্তিদের জলাতঙ্ক প্রতিরোধী টিকা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে পর্যাপ্ত টিকা মজুত রয়েছে।

এদিকে কুকুরটিকে আটক করা সম্ভব না হওয়ায় বহুলা ও আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। কুকুরটিকে আটক করে জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

দৈনিক মুক্তবাণী

Link copied!