বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি ফখরুলের

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ১০:১৯ পিএম

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি ফখরুলের

 নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম।

বুধবার বিকেলে বসুরহাটের নির্ঝর কনভেনশন হলে সিরাজপুর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন এ সভার আয়োজন করে।

ফখরুল ইসলাম বলেন, সিরাজপুর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে সাতজন মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। যাচাই-বাছাই করে দল একজনকে মনোনয়ন দেবে। দলীয় মনোনয়ন পাওয়ার পর সবাইকে তাঁর পক্ষে একসঙ্গে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দলীয় প্রার্থীকে চেয়ারম্যান নির্বাচিত করতে হবে।

উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুর রহমান রিপনের সঞ্চালনায় ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য নুরুল আলম শিকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরী, পৌরসভা বিএনপির সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন, ঢাকার ব্যবসায়ী মফিজ উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল ও সদস্যসচিব জাহিদুর রহমান রাজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুদ্দিন হায়দার এবং উপজেলা ছাত্রদলের সভাপতি হোসেন মোহাম্মদ এরশাদ।

সিরাজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী হিসেবে সভায় অংশ নেন আলহাজ্ব আবদুস সাত্তার, আফতাব আহমেদ বাচ্চু, মাইন উদ্দিন মাসুম, অ্যাডভোকেট মাসুম, গোলাম ছারওয়ার মিশু, আতোয়ার হোসেন পাভেল ও আবদুল মালেক মেম্বার।

দৈনিক মুক্তবাণী

Link copied!