শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নিতে গাজীপুর জেলার বিভিন্ন মন্দিরে চার শতাধিক পূজার উপহারসামগ্রী বিতরণ করেছে গাজীপুর জেলা পরিষদ।
বুধবার দুপুরে আয়োজিত উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহমর্মিতারও প্রতীক। এ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়। জেলা পরিষদের এ উদ্যোগের মাধ্যমে মন্দিরসংশ্লিষ্টদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও ছড়িয়ে দেওয়া হচ্ছে।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী জানান, জেলা পরিষদের পক্ষ থেকে এবারই প্রথম এ ধরনের পূজার উপহারসামগ্রী বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ধর্মীয় উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং মন্দিরসংশ্লিষ্টদের সঙ্গে সম্প্রীতির সম্পর্ক আরও দৃঢ় করাই এ উদ্যোগের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
