সেন্টমার্টিনে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে সেন্টমার্টিন পর্যন্ত পর্যটকবাহী জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের সার্বিক নিরাপত্তা, অপরাধ দমন এবং প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে দায়িত্ব পালন করে আসছে কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায় কক্সবাজারের বিআইডব্লিউটিএর নুনিয়াছড়া ঘাট থেকে সেন্টমার্টিন পর্যন্ত পর্যটকবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে উচ্চগতিসম্পন্ন বোটের মাধ্যমে নিয়মিত টহল দেওয়া হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
পর্যটকদের যাত্রাপথে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা দুর্ঘটনায় দ্রুত সাড়া দিতে কোস্ট গার্ডের জাহাজ ও বোট সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। জরুরি পরিস্থিতিতে পর্যটক ও যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দিতেও কোস্ট গার্ড সদস্যরা তৎপর রয়েছেন।
কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও বলেন, সেন্টমার্টিনের পর্যটন পরিবেশ সুরক্ষা, নিরাপদ সমুদ্রযাত্রা নিশ্চিত করা এবং স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জানমালের নিরাপত্তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
