শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬

রাঙ্গামাটিতে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত

​রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬, ১০:০৮ পিএম

রাঙ্গামাটিতে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত

পবিত্র কুরআনের শিক্ষা ও চর্চা ছড়িয়ে দেওয়া এবং কুরআনে হাফেজদের মেধা বিকাশের লক্ষ্যে রাঙ্গামাটিতে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এর উপজেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ‘হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’-এর রাঙ্গামাটি জেলা ও সদর থানা শাখার উদ্যোগে রাঙ্গামাটি কালেক্টর জামে মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন রাঙ্গামাটি ফয়জিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. রহমতুল্লাহ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালেক্টর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ হাবীব আজম। এ সময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, ধর্মীয় ব্যক্তিত্ব ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পবিত্র কুরআন মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান। কুরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা, মানবিকতা এবং শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করতে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কুরআন হিফজের প্রতি আগ্রহ, প্রতিযোগিতামূলক মনোভাব ও ধর্মীয় মূল্যবোধ আরও বৃদ্ধি পাবে।

তারা আরও বলেন, কুরআনে হাফেজদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহিত করার পাশাপাশি তাদের জ্ঞান ও মেধা বিকাশে অভিভাবক, শিক্ষক এবং সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

সকাল থেকে দুপুর পর্যন্ত চলে প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে দুপুরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

জেএইচ

Link copied!