রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কঠিন চীবর দান উপলক্ষে গামারীঢালা বিহারে মহালছড়ি জোনের আর্থিক উপহার প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৭:০১ পিএম

কঠিন চীবর দান উপলক্ষে গামারীঢালা বিহারে মহালছড়ি জোনের আর্থিক উপহার প্রদান

মহালছড়ি জোনের আওতাধীন খাগড়াছড়ি সদর উপজেলার গামারীঢালা বন বিহারের ২০ তম শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ।

শনিবার আয়োজিত অনুষ্ঠানে মহালছড়ি জোন অধিনায়ক সরাসরি উপস্থিত হয়ে বিহারের ধর্মীয় গুরু, আয়োজক কমিটি ও স্থানীয় দায়ক-দায়িকাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি ধর্মীয় আয়োজনের সার্বিক খোঁজখবর নেন এবং অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিহার কর্তৃপক্ষের হাতে জোনের পক্ষ থেকে ১৫ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেন।এছাড়াও চীবর,ফলমূল ভান্তের উপহার হিসেবে প্রদান করেন।

বিহারের ভান্তে সহ আগত ধর্মগুরু, আয়োজক কমিটি, পূর্ণার্থীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় শেষে জোন অধিনায়ক  বলেন, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাহাড়ের সকল সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে পাশে থাকার চেষ্টা করে। পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই। সে উদ্দেশ্যেই এই ধর্মীয় অনুষ্ঠানে মহালছড়ি জোনের অংশগ্রহণ।

চীবর দান অনুষ্ঠানের আয়োজক কমিটির সভাপতি ও মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রবত চাকমা মহালছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কঠিন চীবর দান অনুষ্ঠানে মহালছড়ি জোন অধিনায়কের উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। সেনাবাহিনীর এ ধরনের সহযোগিতা ও আন্তরিকতা আমাদের ধর্মীয় আয়োজনকে আরও উৎসাহিত করে। এ জন্য মহালছড়ি জোনের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম তাৎপর্যপূর্ণ ধর্মীয় আয়োজন। এ উৎসবে বৌদ্ধ ভিক্ষুদের জন্য বিশেষভাবে তৈরি চীবরসহ বিভিন্ন দানসামগ্রী অর্পণ করেন দায়ক-দায়িকারা।

জেএইচ

Link copied!