বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ব্যানার ও মাস্কসহ সংগঠনটির পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পরে আটক ব্যক্তিদের সঙ্গে দেখা করতে থানায় আসা আরও দুজনকে সন্দেহজনক গতিবিধির কারণে আটক করা হয়। এ নিয়ে মোট সাতজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আটক ব্যক্তিরা হলেন বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জাগুয়া এলাকার বাসিন্দা ইমরান হোসেন, ইমন ও ফাইজ এবং ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার বাসিন্দা সুমন হাওলাদার, রাকিব সিকদার, আবু বক্কর ও রুমন।
পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের সময় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জাগুয়া এলাকায় অ্যাপোলো মেডিকেল কলেজের পেছনে ঝটিকা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে সুমন হাওলাদার, ইমরান, রাকিব সিকদার, ইমন ও ফাইজকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি ব্যানার ও কয়েকটি মাস্ক উদ্ধার করা হয়।
ওসি মনিরুল ইসলাম জানান, উদ্ধার করা ব্যানারে ‘বাংলাদেশ ছাত্রলীগ, রমনা থানা’ লেখা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, বরিশালে ব্যানার নিয়ে মিছিল করে ছবি ও ভিডিও ধারণের পর সেগুলো ঢাকায় অনুষ্ঠিত কর্মসূচির দৃশ্য হিসেবে প্রচারের পরিকল্পনা ছিল তাঁদের। ছিল তাঁদের।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম পাঁচজনকে থানায় নিয়ে আসার পর তাঁদের সঙ্গে দেখা করতে সেখানে আসেন নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আবু বক্কর ও রুমন। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁদেরও আটক করা হয়।
ওসি আরও জানান, আটক সাতজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে।
