“আপনাদের এই শৈশব বেশিদিন থাকবে না। সামনে বড় বড় দায়িত্বের বোঝা নিয়ে চলতে হবে। যে মাটি আপনাকে জন্ম দিয়েছে, সেই মাটির ঋণটুকু শোধ করার চেষ্টা করবেন।” নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমন অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য রাজীব আহসান।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ে (আরসি কলেজ) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নিজের স্মৃতিবিজড়িত শিক্ষাপ্রতিষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করতে এসে রাজীব আহসান তাঁদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, শিক্ষাজীবন শুধু ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধে নিজেদের গড়ে তুলতে হবে। ভবিষ্যতে দেশ ও সমাজের দায়িত্ব গ্রহণের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।
উল্লেখ্য, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষে এই কলেজের শিক্ষার্থী ছিলেন। নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ায় অনুষ্ঠানটি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বাড়তি আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন দীপেন, সদস্যসচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিনসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।
স্বেচ্ছাসেবক দলের নেতারা।
অনুষ্ঠানে কলেজের প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
ফুলেল শুভেচ্ছা ও বরণের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের কলেজজীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
