রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন যশোরের দোয়া মাহফিল অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৯:৪৩ পিএম

তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন যশোরের দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় যশোরে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। 
বরেণ্য এই রাজনীতিকের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এই কর্মসূচি পালিত হয়।
দোয়া ও মোনাজাতের পূর্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা প্রয়াত নেতা তরিকুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, তরিকুল ইসলাম ছিলেন পরমতসহিষ্ণু ও শান্তিপূর্ণ সহাবস্থানের রাজনীতির অন্যতম পথিকৃৎ। প্রকৃত দেশ ও জনগণের কল্যাণের জন্যই তিনি আজীবন রাজনীতি করে গেছেন। জীবদ্দশায় তাঁর কথাবার্তা কিংবা কর্মকাণ্ডে কখনো ভিন্নমতাবলম্বীরা আঘাত পাননি।
বক্তারা আরও উল্লেখ করেন, তাঁর রাজনৈতিক চলার পথ মোটেও মসৃণ ছিল না। অনেক কাঁটা বিছানো পথ ও চড়াই-উতরাই পেরিয়ে তিনি আমৃত্যু দেশ ও মানুষের সেবা করে গেছেন। দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য তিনি একটি নিরাপদ যশোর উপহার দিয়েছিলেন। একজন সৎ, নির্লোভ ও নিরহংকার মানুষ হিসেবে তিনি যশোরের প্রতিটি সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন।
সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ফরহাদের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি ফকির শওকত ও বর্তমান সম্পাদক নূর ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম আইউব, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ এবং দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং সদস্য সচিব আনসারুল হক রানা প্রমুখ। শেষে মরহুমের রুহের মাগফেরাত ও দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
 

জেএইচ

Link copied!