রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

যশোরে ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

যশোর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৯:৩৯ পিএম

যশোরে ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলায় নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি পূর্বপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শেখহাটি পূর্বপাড়া গ্রামের কাজী তৌহিদুর রহমান ওরফে জুয়েলের (৪২) বাড়িতে অভিযান চালায়।
তল্লাশিকালে জুয়েলের বাউন্ডারি ঘেরা দোতলা ভবন সংলগ্ন একচালা টিনশেড রান্নাঘরের চালের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় অস্ত্র ও গুলিগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে, একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি, এক রাউন্ড ওয়ান শুটারের গুলি, একটি বিস্কুটের খালি প্যাকেট, একটি সবুজ রঙের পলিথিন ও এক টুকরো চেক কাপড়।
পুলিশ আরও জানায়, পলাতক আসামি কাজী তৌহিদুর রহমান জুয়েল ওই এলাকার কাজী আলমগীর হোসেন ওরফে আলম ও শিরিনা আক্তারের ছেলে। সে এলাকার একজন চিহ্নিত অপরাধী এবং তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন থানায় অন্তত ১৪টি মামলা রয়েছে।
এ ঘটনায় পলাতক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা দায়েরে এবং তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
 

জেএইচ

Link copied!